আঞ্চলিক সংবাদ

লংগদুতে জুম্মর জমি বেদখলের চেষ্টা, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকির অভিযোগ

আইপিনিউজ বিডি, ২২ সেপ্টেম্বর ২০২৬, রাঙ্গামাটিঃ রাঙ্গামাটির লংগদু উপজেলায় জুম্ম জনগোষ্ঠীর এক ব্যক্তির বন্দোবস্তীকৃত জমিতে জোরপূর্বক প্রবেশ করে বেদখলের চেষ্টা এবং বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই সেটেলার বাঙালির বিরুদ্ধে।

গত ২০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের ভাইবোনছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগে জানা যায়, লংগদু উপজেলার আনোয়ার টিলা এলাকার বাসিন্দা ছাত্তার (৪৩), পিতা—মো. জসিম উদ্দিন এবং মো. জয়নাল (৬০), পিতার নাম জানা যায়নি—নামে দুই ব্যক্তি প্রকৃত মালিক রেলি কুমার চাকমার বন্দোবস্তীকৃত জমিতে প্রবেশ করেন। জমিটি ৩ নম্বর লংগদু মৌজায় অবস্থিত হোল্ডিং নম্বর R-৩৬৫/৩৪-এর অন্তর্ভুক্ত এবং এর পরিমাণ ৪ একর।

স্থানীয় সূত্রের দাবি, ওই দুই ব্যক্তি জমিতে প্রবেশ করে নিজেদের মতো করে জঙ্গল পরিষ্কার করতে থাকেন। এ সময় জমির মালিক রেলি কুমার চাকমা, পিতা—মৃত যোগেন্দ্র চাকমা, সেখানে গিয়ে তাদের বাধা দেন। অভিযোগ রয়েছে, বাধা দেওয়ার পর ওই দুই ব্যক্তি তাকে প্রাণনাশের হুমকি দেন।

স্থানীয়রা জানান, এর আগেও একই জমি বেদখলের চেষ্টা করা হয়েছিল। সে সময় বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে উভয় পক্ষকে জমিটি দাবি না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে জমিটির প্রকৃত মালিক রেলি কুমার চাকমা এবং জমিটি তার নামে বন্দোবস্তীকৃত বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

অভিযোগ রয়েছে, ঘটনার প্রায় পাঁচ বছর পর একই জমি পুনরায় বেদখলের চেষ্টা করা হচ্ছে। এতে স্থানীয় জুম্ম জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

Back to top button