রুবিনা গ্রিনউডকে সভাপতি পুনর্নির্বাচনের মধ্য দিয়ে UNPO-এর সাধারণ পরিষদের অধিবেশন শেষ

আইপিনিউজ বিডি, ৩০ আগস্ট, ২০২৬, আন্তর্জাতিক ডেস্কঃ আনরিপ্রেজেন্টেড নেশনস অ্যান্ড পিপলস (UNPO)-এর ২১তম সাধারণ পরিষদের অধিবেশন ২৯–৩০ আগস্ট ২০২৬ নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত হয়েছে। UNPO-এর ৩৯ সদস্যের মধ্যে ২৫টি সদস্য সংগঠন সরাসরি এবং বাকিরা অনলাইনে অধিবেশনে অংশগ্রহণ করে।
চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (PCJSS) প্রতিনিধি হিসেবে পার্বত্য চট্টগ্রামের পক্ষে প্রীতি বিন্দু চাকমা ও এনজেবি চাকমা সরাসরি অধিবেশনে অংশগ্রহণ করেন।
সাধারণ পরিষদের অধিবেশনে নতুন সভাপতি, সহ-সভাপতি ও প্রেসিডেন্সির সদস্যদের নিয়ে নতুন নেতৃত্ব কাঠামো গঠন করা হয়। এতে ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেসের রুবিনা গ্রিনউডকে পরবর্তী দুই বছরের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়েছে।
নতুন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ওগাডেন ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের আবদিরাহমান মাহদি এবং ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান (PDKI)-এর সোফিয়া আমিনি। নতুন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ট্যামি ব্রেড।
নিয়মিত প্রেসিডেন্সির সদস্য হিসেবে রয়েছেন মার্কিন রাজনীতিবিদ ও আইনজীবী সিনেটর পল স্ট্রস, যিনি ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার সিনিয়র ইউএস শ্যাডো সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন; কাতালান জনগণের প্রতিনিধি আরিয়াদনা হেইঞ্জ; গুয়ামের রাজনীতিবিদ সিনেটর টিনা রোজ মুনা-বার্নস, যিনি গুয়াম আইনসভার সিনেটর হিসেবে সপ্তম মেয়াদে দায়িত্ব পালন করছেন; ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের (WUC) নারী কমিটির চেয়ার জুমরেতাই আরকিন; দিদাঘ জামালঝি; মুরাদ আমেলাল এবং ন্যান্সি সিনাই।
রেজুলেশন উপস্থাপনের সময় প্রীতি বিন্দু চাকমা পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে চাপ প্রয়োগের আহ্বান জানান। অধিবেশনে উত্থাপিত সবগুলো রেজুলেশন কোনো আপত্তি ছাড়াই গৃহীত হয়।
সমাপনী অনুষ্ঠানে বিদায়ী মহাসচিব মার্সে মনহে কানো এবং নবনির্বাচিত সভাপতি রুবিনা গ্রিনউড বক্তব্য দেন।
মার্সে মনহে কানোর দীর্ঘ বক্তব্যে UNPO-তে তাঁর সাত বছরের দায়িত্বকালের অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ, বেদনা ও সাফল্যের কথা উঠে আসে। তিনি গত সাত বছরে সংগঠনটিকে যে পর্যায়ে নিয়ে এসেছেন, তার একটি সামগ্রিক চিত্র তুলে ধরেন। অন্যদিকে, রুবিনা গ্রিনউড তাঁর বক্তব্যে সকল অংশগ্রহণকারী, পৃষ্ঠপোষক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে সংগঠনের লক্ষ্য অর্জনে আরও কার্যকরভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
‘রি-ইমাজিনিং সেলফ-ডিটারমিনেশন’ সম্মেলন
এর আগে ২৭–২৮ আগস্ট ২০২৬ ‘রি-ইমাজিনিং সেলফ-ডিটারমিনেশন’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন UNPO-এর সভাপতি রুবিনা গ্রিনউড, সিটি অব পিস অ্যান্ড জাস্টিসের বিশেষ দূত ডায়ানা এগলস্টন, পৃষ্ঠপোষক এডুয়ার্দো ওয়েলশ এবং UNPO-এর মহাসচিব মার্সে মনহে কানো। তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে দুই দিনব্যাপী সম্মেলনের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক প্রেক্ষাপট নির্ধারিত হয়।
আত্মনিয়ন্ত্রণের অধিকার বা Self-determination বিষয়ে অনুষ্ঠিত সম্মেলনে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক, শিক্ষাবিদ ও অধিকারকর্মীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট ক্যাথেরিনস কলেজের রাজনৈতিক ভূগোলের অধ্যাপক, ফেলো ও টিউটর এবং UNPO-এর উপদেষ্টা অধ্যাপক ফিওনা ম্যাককনেল; জাতিসংঘের আদিবাসী জনগণের অধিকারবিষয়ক বিশেষজ্ঞ ব্যবস্থার (EMRIP) ভাইস-চেয়ার মিস অ্যানেক্সা ব্রেন্ডালি আলফ্রেড কানিংহাম; উন্নয়নের অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অধ্যাপক সূর্য দেবা এবং সংখ্যালঘু বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অধ্যাপক নিকোলাস লেভরাট।
সম্মেলনে প্রতিনিধিত্ব, বয়ান (narratives) এবং সংহতি (solidarity) বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং এ-সংক্রান্ত একটি রেজুলেশন গ্রহণ করা হয়।


