বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে আরসা’র পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ জুম্ম নিহত

আইপিনিউজ বিডি, ২৪ মে, বান্দরবানঃ আজ রোজ রবিবার (২৪ মে) সকাল ১১ ঘটিকার দিকে বান্দরবান জেলাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া পাড়ায় তুমব্রু ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) কর্তৃক পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তিন জুম্ম গ্রামবাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত ব্যক্তিরা হলেন, ১) চিংক্ষং চাকমা (৪৪), পিতা: ঐমং চাকমা, মাতা: রংমা বোং; ২) চোপোচিং চাকমা (৪৭), পিতা: শুনিঅং চাকমা, মাতা: পেলবি চাকমা; ৩) অংক্যমং তংচংগ্যা (৪৫), পিতা: মৃত নেমং তংচংগ্যা, মাতা: মৃত বাশাচিং তংচংগ্যা। তাদের সকলের বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৬৮ নং রেজু মৌজায় ভালুকিয়া পাড়া গ্রামে।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেদের জুমের কলাবাগানে দেখতে না যাওয়ায় আজ তারা সকালে সেখানে কাজ করতে যান। এই সময় তারা কলাবাগানে পৌঁছলে অংক্যমং তনচংগ্যা প্রথমে মাইনের বিস্ফোরণের শিকার হন। পরবর্তীতে বাকি দুজন তাকে উদ্ধারের জন্য গেলে তারাও মাইনের বিস্ফোরণের শিকার হন এবং ঘটনাস্থলে তিনজনই নিহত হন।
এলাকাবাসীর অভিযোগ, সীমান্তবর্তী ঐ অঞ্চলে রোহিঙ্গা জঙ্গী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী (আরসা) সদস্যরা নিয়মিত ভারি অস্ত্রসহ প্রশাসনের নাকের ডগায় চলাচল করে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য যে, বিগত দুই বছরের অধিক সময় ধরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জুম্মরা নানাভাবে রোহিঙ্গা জঙ্গী সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক হয়রানি, অপহরণ, মারধর, নির্বিচারে হত্যা, জুম্ম নারীদের ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মতো জঘন্য ঘটনার শিকার হচ্ছেন।


