পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান-কার্বারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

আইপিনিউজ, রাঙ্গামাটি: রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের নারী হেডম্যান ও কার্বারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘নারী হেডম্যান-কার্বারী সম্মেলন ২০২৬’।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনের সম্মেলন কক্ষে নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
সম্মেলনে সিএইচটি নারী হেডম্যান কার্ডধারী নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাকমা সার্কেলের রাজবাড়ীর উপদেষ্টা রাণী য়েন য়েন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি থোয়াই অং মারমা, এএলআরডি’র উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, সিএইচটি নারী হেডম্যান কার্ডধারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তনা খীসা এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা।
বক্তারা বলেন, ঐতিহ্যবাহী প্রথাগত শাসন ব্যবস্থায় নারী কার্বারী নিয়োগ একটি ঐতিহাসিক পদক্ষেপ। তবে এই নারী কার্বারীদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি। একই সঙ্গে সমাজ উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক পরিবেশ তৈরি করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে নিয়োগপ্রাপ্ত নারী কার্বারীদের জন্য অবিলম্বে ভাতা চালুর দাবি জানানো হয়। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রক্রিয়াধীন মৌজা হেডম্যান অফিস নির্মাণ দ্রুত বাস্তবায়ন, পরিবেশগত ভারসাম্য রক্ষায় মৌজায় পাথর উত্তোলন বন্ধ, অস্থায়ী বাসিন্দাদের দ্বারা ভূমি বেদখল রোধ এবং অবৈধভাবে দখলকৃত ভূমি স্থায়ী বাসিন্দাদের নিকট ফেরত প্রদান, স্থায়ী বাসিন্দাদের ভূমির মালিকানা নিশ্চিত করা, সার্কেল চীফ কর্তৃক নিয়োগপ্রাপ্ত কার্বারী—বিশেষ করে নারী ও পুরুষ কার্বারীদের জন্য সরকারি ভাতা বরাদ্দ, পার্বত্য চুক্তির আলোকে নারীদের উন্নয়ন কার্যক্রমে অন্তর্ভুক্তি, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান এবং ভূমি সংক্রান্ত সম্পত্তির অধিকার নিশ্চিত করা।
উল্লেখ্য, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে মোট ৬৯৬ জন নারী কার্বারী নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে চাকমা সার্কেলে ৫০০ জন, মং সার্কেলে ১৭৭ জন এবং বোমাং সার্কেলে ১৯ জন নারী কার্বারী রয়েছেন।


