আগামী শুক্রবার পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সিলেটে সংহতি সমাবেশ ও গণমিছিল
আইপিনিউজ ডেক্স(ঢাকা): পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর যুগ্ম সমন্বয়কারী মানবাধিকার ও সামাজিক আন্দোলন কর্মী জাকির হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. খায়রুল ইসলাম চৌধুরী পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর, ২০২৩, শুক্রবার, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩.০০ টায় অনুষ্ঠিতব্য সংহতি সমাবেশ ও গণমিছিলে দল,মত নির্বিশেষে সকল সচেতন নাগরিকদের সক্রিয় সংহতি কামনা করেছেন ও সমাবেশটি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।
আজ এক যুক্ত বিবৃতিতে উক্ত দুই সমন্বয়কারী জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গড়ে ওঠা ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ এর আয়োজনে এটি চতুর্থ বিভাগীয় সমাবেশ। এর আগে চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহে তিনটি বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সদস্য মুর্শিদা আক্তার ডেইজী স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, গণমিছিল ও সংহতি সমাবেশে উপস্থিত থেকে সংহতি বক্তব্য রাখবেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল, বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদ এর সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, এএলরআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান প্রমুখ।
এছাড়াও উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, ছাত্রনেতা ও সুধীজন।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর উক্ত দুই সমন্বয়কারী আগামী শুক্রবার সিলেটের সংহতি সমাবেশ ও গণমিছিলে সক্রিয় অংশগ্রহণের জন্য সিলেটের সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিক সমাজের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন।


