তোমাদের মাধ্যমেই বনফুল গ্রীনহার্ট আদিবাসী কলেজের সুনাম ছড়িয়ে পড়বে: বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষাবিদ প্রজ্ঞানন্দ মহাথেরো

আইপিনিউজ ডেক্স(ঢাকা): তোমাদের মাধ্যমে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের সুনাম ছড়িয়ে পড়বে। আগামীর পরীক্ষায় গৌরবের সহিত উত্তীর্ণ হয়ে আরো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করে তোমরা সুনাগরিক হয়ে গড়ে উঠবে। বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আজ শনিবার বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলছিলেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো। কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো: জাকিদুল ইসলাম, প্রভাষক মোস্তাকিয়া মাহমুদা পারভীন ফেন্সী।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রজ্ঞানন্দ মহাথেরো আরো বলেন, আগামী পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হবে, তাদের জন্য কলেজ কর্তৃপক্ষ প্রতিজনকে পাঁচ হাজার টাকা করে পুরষ্কার বিতরণ করবে। আমরা শিক্ষিত ও সমৃদ্ধ একটি প্রজন্ম বিনির্মাণ করতে চাই।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল বলেন, তোমরা যদি ভালো ফলাফল কর, তবে তোমাদের নিজেদেরও ভালো লাগবে, সেই সাথে আমাদের এবং অভিবাবকদেরও ভালো লাগবে। তোমাদের মাধ্যমে আমাদের পুরো প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়বে। আগামীতে ভালো ফলাফল করে তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে পড়াশুনা করে দেশ সেবায় নিয়োজিত হবে।
এবছর বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ থেকে ১৮৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭৯ জন, ব্যবসায় শিক্ষা থেকে ৬২ জন এবং মানবিক বিভাগ থেকে ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়াও ইংলিশ ভার্সনের ১৪ জন শিক্ষার্থীও রয়েছেন।


