বিরোধী দলের কর্মসূচীর উপর আক্রমণ-হামলা-গ্রেফতার বন্ধের দাবি বামজোটের

আইপিনিউজ ডেক্স(ঢাকা): বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক এবং বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ্ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এক বিবৃতিতে বলেন,“দেশের প্রায় সকল সক্রিয় বিরোধী দলই নির্দলীয়, নিরপেক্ষ, তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একমত এবং তারা নিজ নিজ অবস্থান থেকে সে দাবি তুলছে। ইতিমধ্যে এটি একটি জনদাবিতে পরিণত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার সেই দাবির প্রতি কর্ণপাত না করে বিরোধী দলের আন্দোলনকে নির্মমভাবে দমন করছে। জনগণের কাছে এটা স্পষ্ট যে, আওয়ামী লীগ পূর্বের ন্যায় এবারও একটি প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। এটা জনগণ হতে দিতে পারেনা।
আজ শনিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা দেখেছি যে, আজ বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দল ও জোটের কর্মসূচি চলাকালে পুলিশ নির্মমভাবে আক্রমণ করেছে, নির্যাতন করেছে এবং নেতাকর্মীদের গ্রেফতার করেছে। আওয়ামী লীগের তথাকথিত শান্তি সমাবেশ থেকে যে ভাষায় নেতারা বক্তব্য রেখেছেন তাতে বোঝা যায় তারা একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যেতে চাইছে।
বিবৃতিদাতারা বলেন, আমরা অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করার দাবি জানাই। আমরা স্পষ্ট করে বলতে চাই নির্দলীয় তদারকি সরকার গঠন করে তার অধীনে নির্বাচন আয়োজন করা ছাড়া এই পরিস্থিতিতে আর কোন সমাধান সম্ভব নয়, গ্রহণযোগ্যও নয়।”
বিরোধীদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আগামীকাল বিকাল ৪টায় পল্টন মোড়ে বামজোটের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন বামজোটের নেতৃবৃন্দ।


