আঞ্চলিক সংবাদ

নওগাঁয় আদিবাসী শ্রমিকদের মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁর মান্দায় কয়েকজন আদিবাসী শ্রমিককে মারধর করে টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। গত ২০ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মান্দা উপজেলার সাবাইহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এবিষয়ে ইতিমধ্যে মান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আদিবাসী শ্রমিকরা।

জানা গেছে, প্রায় ৪০ জনের মত স্থানীয় আদিবাসী শ্রমিকদের একটি দল রাজশাহীর মোহনপুর উপজেলায় আমন ধান রোপনের কাজে যান। কাজ শেষে সন্ধ্যার দিকে সেখান থেকে ফেরার পথে শ্রমিকদের কয়েকজন সাবাই বাসস্ট্যান্ড সংলগ্ন মসিজদের সামনে পৌঁছালে একটি ভটভটি আদিবাসী শ্রমিকদের বহনকারী অটোরিক্সার গতিরোধ করে। ভটভটিতে থাকা দুর্বৃত্তরা আদিবাসী শ্রমিকদের বিনা উস্কানিতে মারধর করতে থাকে এবং প্রায় ৫০,০০০ টাকা ছিনিয়ে নেয়। এতে কমপক্ষে ১০জনের মত শ্রমিক আহত হন। আহতরা হলেন, ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের বাসিন্দা বিদ্যুৎ পাহান (২৩), ফুলঝাড়ি পাহান (৪৫) সঞ্জয় পাহান (৩০), নয়ন পাহান (২৭), আরতি রানী (৪২), রুপালি পাহান (৩৮), দুলালী পাহান (৪৪), সুমিতা পাহান (১৪), ফুলন পাহান (১৪) এবং লক্ষী রানী পাহান (৪৫)। এসময় আদিবাসী শ্রমিকদের সাথে দুইজন বাঙালি শ্রমিকএ আহত হন। তারা হলেন ময়নুল ইসলাম ও আয়নুল হক।

আহতদের মধ্যে বিদ্যুৎ পাহান, ফুলঝাড়ি পাহান ও সঞ্জয় পাহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, হামলাকারীরা আদিবাসী শ্রমিকদের সরদার লক্ষী রানী পাহান সহ সবাইকে মারধর করে। এসময় তাদের কাছে থাকা মজুরির ৫০ হাজার টাকা সবগুলো ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগী শ্রমিকরা চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারী দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এবিষয়ে যোগাযোগ করা হলে, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানিয়েছেন, ছিনতাই ও হামলার সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। এ সংক্রান্ত দায়েরকৃত আদিবাসী শ্রমিকদের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

#আইপিএসসি

Back to top button