আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবিতে সড়ক অবরোধ

বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করার দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁয় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গত রবিবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া গোলচত্বর এলাকায় গোলচত্বর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সরকারি চাকুরীতে আদিবাসীদের জন্য কোটা সংরক্ষণ করা সহ সাত দফা দাবি জানিয়ে স্থানীয় আদিবাসী জনতা গতকাল রাজশাহী-নওগাঁ মহাসড়ক সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবরোধ করে রাখেন।
রবিবার সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সহস্রাধিক আদিবাসী জনতা চৌমাশিয়া বাজারে সমবেত হন। দুপুর ১২টার দিকে সমাবেশস্থল থেকে সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমাশিয়া বাজারের গোলচত্বরের চারপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে আন্দোলনকারীরা বেলা একটা পর্যন্ত নওগাঁ-রাজশাহী ও নওগাঁ-মহাদেবপুর সড়ক অবরোধ করেন।
বিক্ষোভ সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা আরিফ খান ইউসুফজাই, বাসদের নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদিন, ওয়ার্কার্স পার্টি নওগাঁ জেলা কমিটির শহীদ হাসান সিদ্দিকী, জাতীয় আদিবাসী পরিষদের মুখপাত্র ও দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মার্টিন মুর্মু, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক নরেন্দ্র চন্দ্র পাহান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৪–দলীয় জোটের অন্য নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এ দেশের সমতল ও পাহাড়ে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে।
কিন্তু ক্ষমতায় আরোহনের সাথে সাথে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা দূরের কথা সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে আদিবাসীদের হেয় প্রতিপন্ন করে “ক্ষুদ্র নৃগোষ্ঠী” হিসেবে উল্লেখ করা হয়েছে।
সমাবেশে রবীন্দ্রনাথ সরেন বলেন, বর্তমান সরকার প্রধান ও ক্ষমতাসীন দলের নেতারা বিভিন্ন সময় নিজেদের সংখ্যালঘু জনগোষ্ঠীবান্ধব বলে দাবি করে থাকেন। কিন্তু বাস্তবে তাঁরা পালন করছেন না। স্বাধীন দেশেও বছরের পর বছর ধরে আদিবাসীরা নির্যাতিত হয়ে আসছে, প্রভাবশালীরা তাঁদের জমি কেড়ে নিয়ে বাস্তচ্যুত করছেন, কিন্তু সরকারের কোনো পদক্ষেপ চোখে পড়ে না।
তিনি আরও বলেন,আদিবাসীদের অধিকাংশ সমস্যা ভূমিকে কেন্দ্র করে। তাই অনতিবিলম্বে সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করতে হবে।

সড়ক অবরোধ শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, গোবিন্দগঞ্জের তিন সাঁওতাল হত্যার বিচার, সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন, বাদ পড়া আদিবাসী জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তকরণ, সরকারি চাকরিতে আদিবাসী কোটা নিশ্চিতকরণ এবং উচ্চ শিক্ষায় আদিবাসীদের কোটা বাস্তবায়ন, রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পাওয়ায় অভিনাথ মার্ডি ও রবি মার্ডির আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার ও সারাদেশে আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, জমি জবর দখল, মিথ্যা মামলা, লুটপাট, পুলিশি হয়রানি, আদিবাসীদের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ, ভূমি অফিসের ঘুষ বাণিজ্যসহ দুর্নীতি বন্ধ করা প্রভৃতি সাত দফা দাবি জানানো হয়।


