জাতীয়

বরেণ্য রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে সিপিবির গভীর শোক

আইপিনিউজ ডেক্স(ঢাকা): গনতন্ত্র, অসাম্প্রদায়িকতা, মানুষের অধিকার আদায়ে  পঙ্কজ ভট্টাচার্যের সংগ্রাম স্মরণীয় হয়ে থাকবে এবং অনুপ্রেরণা যোগাবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ ২৪ এপ্রিল এক বিবৃতিতে দেশের বরেণ্য প্রবীণ রাজনীতিবিদ প্রগতিশীল এবং গণতান্ত্রিক, প্রগতিশীল আন্দোলনের অন্যতম নেতা পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেতৃৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের ন্যাপ-কমিউনিস্ট পার্টি -ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক, সাবেক ছাত্র নেতা, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

বিবৃতিতে বলা হয় ‘তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক বাংলাদেশের একজন স্বপ্নদ্রষ্টা এবং আমৃত্যু তিনি সেজন্য লড়াই করে গেছেন।তাঁর মৃত্যুতে দ্বিদলীয় ধারার বাইরে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার লড়াইয়ে এক অপূরণীয় ক্ষতি হলো। গনতন্ত্র, অসাম্প্রদায়িকতা.মানুষের অধিকার আদায়ে তার সংগ্রাম স্মরণীয় হয়ে থাকবে, অনুপ্রেরণা যোগাবে।’

বিবৃতিতে আরো বলা হয়, পঙ্কজ ভট্টাচার্য ছিলেন মনে-প্রাণে বিশুদ্ধ রাজনীতিক। তিনি দেশের প্রান্তিক জনগোষ্ঠী সংখ্যালঘু, আদিবাসী, নারী-শিশু নিপীড়নের বিরুদ্ধে তিনি সবর্দা সোচ্চার প্রতিবাদ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখেন। অসাম্প্রদায়িক, সমতাভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা পঙ্কজ ভট্টাচার্য নিজ বিশ্বাস ও আস্থায় অবিচল থেকে সারাদেশের মানুষকে সংগঠিক করার কাজে আজীবন নিবেদিত ছিলেন।

উক্ত বিবৃতিতে প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

 

Back to top button