বিজু-বৈসু-বিষু-সাংগ্রাই-চাংক্রান উৎসবে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দাবি ঢাবি জুম সাহিত্য সংসদের

আইপিনিউজ ডেক্স(ঢাকা): পাহাড়ের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিজু-বৈসু-বিষু-সাংগ্রাই-চাংক্রান। আগামী ১২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই উৎসবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। আজ এক বিবৃতির মাধ্যমে এই দাবি জানিয়েছে সংগঠনটি সভাপতি ঐতিহ্য চাকমা এবং সাধারণ সম্পাদক শ্রেয়া চাকমা।
বিবৃতিতে বলা হয়, “পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের সমতল অঞ্চলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর প্রধান উৎসবের দিনে- সরকারি ছুটির দাবি বহুদিনের হলেও তা এখনও পর্যন্ত আলোর মুখ দেখেনি এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠানই তাদের একাডেমিক ক্যালেন্ডারে এ ছুটি রাখেনা। ফলে প্রতিবছরই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাশ-পরীক্ষা চলমান থাকায় পার্বত্য চট্টগ্রামের আদিবাসী শিক্ষার্থীরা তাদের প্রধান সামাজিক উৎসব (বিজু-বিষু-বিহু-বৈসু-সাংগ্রাই-চাংক্রান) পরিবারের সাথে উদযাপন করা নিয়ে সংশয়ে থাকেন। ফলশ্রুতিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা প্রতি বছরই নিজস্ব সংস্কৃতি উদযাপন করা থেকে বঞ্চিত হয়ে আসছে।
নিজস্ব সংস্কৃতি উদযাপন করা থেকে বঞ্চিত হওয়ায় আদিবাসী শিক্ষার্থীদের উৎসব পালনের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে দাবি করে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রের প্রত্যেক নাগরিক তার নিজস্ব সংস্কৃতি উদযাপন, চর্চা এবং বিকাশের অধিকার রাখে। তাই আদিবাসীদের প্রধান উৎসবের দিনে সরকারি ছুটি ঘোষণা এবং তা একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করার জন্য জোর দাবিও জানান।
সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক নিশান ত্রিপুরা স্বাক্ষরিত উক্ত বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ আদিবাসীদের প্রধান উৎসবের দিনে সরকারি ছুটি ঘোষণা করার জোর দাবিও জানায়।


