বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনগণ মানে নাঃ ওয়ার্কার্স পার্টি

আইপিনিউজ ডেক্স(ঢাকা): বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গতকাল বিকাল ৪টায় পুরান পল্টন মোড়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, খাদ্যপণ্যসহ নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দরিদ্র শ্রমজীবির মানুষের জন্য রেশনিং এর দাবিতে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কিশোর রায়ের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরূল আহসান বলেন, ‘আবারো বিদ্যুতের দাম বেড়েছে, এই নিয়ে কয়েক দফা বিদ্যুতের দাম বাড়াল। বিদ্যুৎ ছাড়া কলকারখানা চলে না, কৃষি ক্ষেত্রে শস্যদানা উৎপাদিত হতে পারে না। একথায় বিদ্যুত ছাড়া সমস্ত কিছুই অচল। জাতীর জন্য দুঃখের বিষয় বিদ্যুতের দাম আবারো বেড়েছে। ক্রমশঃ বেড়েই চলেছে চাল, ডাল, তেল, লবণসহ খাদ্যপণ্য ও নিত্যপণ্যের দাম যা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।’
তিনি আরো বলেন, দেশের উৎপাদন ব্যবস্থা এগিয়ে নেয়া এবং জনগণের নিত্যদিনের সকল কর্মকান্ড পরিচালনার স্বার্থে সরকারকে বিদ্যুত খাতে ভর্তূকী দিয়ে বিদ্যুতের দাম কমাতেই হবে।
সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাব্বাহ আলী খান কলিন্স। এছাড়া উপস্থিত ছিলেন, পার্টির মহানগর উত্তরের আহবায়ক সাদাকাত হোসেন খান বাবুল, পার্টির দক্ষিণের সদস্য কাজী আনোয়ারুল ইসলাম টিপু, মুর্শিদা আখতার নাহার, শিউলী সিকদার, তাপস দাস, মমতাজ বেগম, মামুন মোল্লা, ওমর ফারুক সুমন, শ্রমিক নেতা এস.এম. ফয়েজসহ নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন অতুলন দাস আলো। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব, কদম ফোয়ারা হয়ে পার্টি অফিসে এসে শেষ হয়।


