চুক্তি স্বাক্ষরের ২৫ বছর পরে আমাদের প্রাপ্তির খাতা শুন্য: পিসিপি সভাপতি সুমন মারমা
আইপিনিউজ ডেক্স(ঢাকা): পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের দীর্ঘ ২৫ বছর পরেও আমাদের প্রাপ্তির খাতা শূন্য । চুক্তি সাক্ষরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, চুক্তি বাস্তবায়নের জন্য কোনো রোডম্যাপের দরকার নেই। চুক্তি সাক্ষরের পরপরই চুক্তি বাস্তবায়ন শুরু হবে। কিন্তু তার সেইদিনের কথার প্রতিফলন আমরা আজ ২৫ বছরে এসেও দেখতে পাচ্ছি না। দ্রুত রোডম্যাপ ঘোষণাপূর্বক পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবীতে রাঙ্গামাটিতে পিসিপি’র মিছিল ও সমাবেশে এসব কথা বলেন পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি সুমন মারমা। আজ ২৭ নভেম্বর ২০২২ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে রাঙ্গামাটি ডিসি অফিসের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সহ—সাধারণ সম্পাদক টিকেল চাকমার সঞ্চালনায় এবং সহ—সভাপতি জিকো চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির সভাপতি ম্রানুসিং মারমা। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সদস্য সুমন চাকমা।
পিসিপি’র সভাপতি সুমন মারমা আরো বলেন, আমরা চুক্তির পর দীর্ঘ ২৫ বছর অপেক্ষা করেছি। আশায় বুক বেঁধেছি সরকার চুক্তি বাস্তবায়ন করবে। কোন কিছুরই মূল্য সরকার দেয়নি। উল্টো জুম্ম জনগণের আবেগ আর আশার সাথে খেলা করে চলেছেন। পার্বত্য চট্টগ্রামে চারিদিকে আজ নিরাপত্তাহীনতা। চারিদিকে ভয়, আতঙ্ক আর হতাশা।
পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি আকাশ থেকে পড়েনি। জুম্ম জনগণের জাতীয় অস্তিত্ব সংরক্ষণের জন্য বহু রক্তের বিনিময়ে এ চুক্তি সাক্ষরিত হয়েছে। তাই এ চুক্তিকে অবাস্তবায়িত রাখার কোনো অবকাশ নেই। যদি এমনটা হয় তাহলে সরকারকে চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য করা হবে।

তিনি আরো বলেন, চুক্তি অনুযায়ী গঠিত তিন পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদকে অথর্ব করে রাখা হয়েছে। তাই সেসব প্রতিষ্ঠান নিজেদের মতো করে কাজ করতে পারছে না।
নারী নেত্রী ম্রানুসিং মারমা বলেন, পার্বত্য চুক্তিকে দীর্ঘ ২৫ বছর ঝুলিয়ে রেখে সরকার ভুল করছে। এ চুক্তি এমনি এমনি হয়নি। রক্তে অর্জিত চুক্তিকে বাস্তবায়নের জন্য ছাত্র—যুবসমাজ সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকবে। তাই রাজনৈতিক সমস্যাকে সমাধানের জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবি জানান।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির রাঙ্গামাটি শহর শাখা সাধারণ সম্পাদক সুরেশ চাকমা, রাঙামাটি সরকারি কলেজ শাখার সদস্য করুন জ্যোতি চাকমা।
সমাবেশের আগে সংগঠনটি বিকাল ৩:২০ ঘটিকায় কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু করে। মিছিলটি বনরুপার পেট্রোল পাম্প ঘুরে এসে ডিসি অফিসের সামনে এসে সমবেত হয়।


