জাতীয়

সাইকেলে ৬৪ জেলা ভ্রমণের রেকর্ড করলেন বীরকুমার তঞ্চঙ্গ্যা

পাহাড়ের ছেলে বীর কুমার তঞ্চঙ্গ্যার দীর্ঘদিনের স্বপ্ন ছিল সাইকেল চালিয়ে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করবেন। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের কুকিয়াছড়া গ্রামের এই তরুণ সম্প্রতি সাইকেলে করে গোটা দেশ ভ্রমণ করে এক অনন্য রেকর্ড করেছেন। সাইকেলে করে দেশের সবকটি জেলায় ঘুরে এসে গত ১৮ই জুলাই মঙ্গলবার তিনি নিজ জেলা রাঙ্গামাটিতে এসে পৌঁছান এবং সাইকেল চালিয়ে ৬৪ জেলা ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতার সফল পরিসমাপ্তি ঘোষণা করেন। বীরকুমার তঞ্চঙ্গার পরবর্তী লক্ষ্য সাইকেলে করে প্রতিবেশী দেশ ভারতের সবগুলো রাজ্য ভ্রমণ করবেন। তার স্বপ্ন পূরণের জন্য তিনি সকলের নিকট সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন।

পাহাড়ের কোলে এক প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা বীরকুমার তঞ্চঙ্গ্যা ছোটবেলা থেকেই অত্যন্ত এ্যাডভেঞ্চারপ্রিয়। তার পিতা সুশীল তঞ্চঙ্গ্যা এবং মাতা কুশিক্কো তঞ্চঙ্গ্যা। বীর তঞ্চঙ্গ্যার সাথে কথা হলে তিনি আইপিনিউজকে জানান, ছোটবেলা থেকেই ভ্রমণের মাধ্যমে নিত্যনতুন জায়গা ঘুরে বেড়ানো এবং অভিজ্ঞতা সঞ্চয় করার এক মনোবাসনা তিনি লালন করে এসেছেন। এইবার সাইকেলে করে দেশের ৬৪টি জেলায় ঘুরতে পারার এক অনবদ্য অভিজ্ঞতা অর্জন করলেন। দীর্ঘদিনের লালিত এই স্বপ্ন পূরণ হওয়ায় বেশ উৎফুল্ল এই তরুণ।

রাঙ্গামাটি থেকে যাত্রা শুরু করে তার সাইকেল যাত্রা ফেনী জেলা হয়ে একে একে অন্যান্য জেলাশহরগুলো অতিক্রম করে। পুরো দেশ ভ্রমণকালে তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষ নিধন থেক লোকজনকে বিরত থাকার আহবান জানান। এছাড়াও বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা রোধ কল্পে সামাজিক সচেতনতা এবং মানুষের প্রয়োজনে রক্ত দান করে মানুষের পাশে দাড়ানোর প্রচারণা চালান। ভ্রমণকালে দেশের বিভিন্ন স্থানে তাঁর দেখা হয় দেশের অন্যান্য সাইক্লিং গ্রুপগুলোর সাথে। এসময় তিনি পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্রময় সংস্কৃতি সম্পর্কে তাদের অবহিত করেন। সাইকেল চালিয়ে দেশের প্রত্যেকটি জেলায় ভ্রমণ করার এই অনন্য অভিজ্ঞতা শেয়ার করার জন্য তিনি অচিরেই রাঙ্গামাটি জেলা প্রশাসকের সাথে বিশেষ সৌজন্য সাক্ষাৎ করবেন
বলে জানিয়েছেন।

#আইপিএসসি

Back to top button