জাতীয়

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি বাম গণতান্ত্রিক জোটের

আইপিনিউজ ডেক্স(ঢাকা): বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার দৃঢ় ঘোষণা দিয়েছেন। একইসাথে অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি এগিয়ে আসার আহ্বানও জানান।
গত ১৬ আগস্ট ২০২৩ বিকালে বাসদ (মর্কিসবাদী) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিগত ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার নিকৃষ্ট নজির স্থাপন করেছে। ফলে এই সরকার যে শুধু অবৈধ তা নয়, একইসাথে ফ্যাসিবাদী দুঃশাসনের রাজত্ব কায়েম করে জনগণের কাছে আজ চরমভাবে ধিকৃত। কিন্তু দেশে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সংবিধানের দোহাই দিয়ে একে অস্বীকার করা ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। দেশ ও জনগণের কল্যাণেই যদি সংবিধান হয় তবে তাকে পরিবর্তন করা সম্ভব এবং এটা আজ গণদাবীতে পরিণত হয়েছে। ফলে সংবিধান সংশোধন করে তদারকি সরকারের অধীনে নির্বাচন, আজ্ঞাবহ নির্বাচন কমিশন বাতিলসহ নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে।’

উক্ত সভায় অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে মত প্রকাশের স্বাধীনতা হরণ ও জনগণের প্রতিবাদকে দমনের উদ্দেশ্যে প্রস্তাবিত ‘সাইবার সিকিউরিটি আইন-২০২৩‘ বাতিলের দাবিতে আগামী ২০ আগস্ট বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ-এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবির সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ,বাসদ (মার্কসবাদী)-র নেতা রাশেদ শাহরিয়ার ও মানস নন্দী, বাসদ নেতা নিখিল দাস ও সমাজতান্ত্রিক পার্টির নেতা রুবেল শিকদার।

বার্ত প্রেরক

Back to top button