ধর্ষক কায়সারের শাস্তির দাবীতে লামায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা

আঞ্চলিক সংবাদ দাতা: বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় এক নারীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজ।
গত ২৭ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১১টায় সরকারি মাতামুহুরী কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সামনে শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লাডুরী পাড়ার সচেতন শিক্ষার্থী মংয়েনু মার্মার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ধর্ষণের শিকার নারীর এক স্বজন এবং সরকারি মাতামুহুরী কলেজ ছাত্র মংশৈচিং মার্মা, মংখ্যাএ মার্মা প্রমূখ। মানববন্ধনে দেড় শতাধিক ছাত্র-ছাত্রী, সচেতন ছাত্র সমাজের নেতৃবৃন্দ, ভিকটিমের স্বজনরাও উপস্থিত ছিলেন।
ধর্ষণকারীর কালো হাত/ ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, সচেতন ছাত্র সমাজ/ এক হও লড়াই কর, ফাঁসি চাই ফাঁসি চাই- ধর্ষকের ফাঁসি চাই, আমার বোনের উপর নির্যাতন কেন- প্রশাসন জবাব চাই, ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই- ধর্ষক কায়সারের ফাঁসি চাই, এমন স্লোগান দিয়ে উক্ত মিছিলে সচেতন ছাত্র সমাজের ব্যানারে মার্মা নারীর উপর নির্যাতনের বিচার দাবী করে আন্দোলনকারীরা। শহীদ মিনারের সামনে এক ঘন্টা ধরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা লাতুই পাড়া এলাকায় এক নারীকে ধর্ষণ করে মোঃ কায়সার নামে এক যুবক। ভিকটিমকে চিকিৎসার জন্য শনিবার দুপুরে লামা হাসপাতালে আনলে বিষয়টি জানা যায়। এদিকে এই ঘটনায় শনিবার রাতে মোঃ কায়সারকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ক ধারায় মামলা রেকর্ড করেছে লামা থানা। ভিকটিম নিজেই মামলার বাদী হন।


