জাতীয়

বিজু-বিহু-বিষু-বৈসু-সাংগ্রাই-চাংক্রান উপলক্ষ্যে ঢাবি’তে চলমান সকল পরীক্ষা বাতিলের দাবি

আইপিনিউজ ডেক্স(ঢাকা): পার্বত্য চট্টগ্রামের জুম্ম আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিজু-বিহু-বিষু-বৈসু-সাংগ্রাই-চাংক্রান। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান সকল ধরনের পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। উক্ত সংসদের সভাপতি ঐতিহ্য চাকমা’র নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশে ৫০টির অধিক আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে থাকে। যাদের প্রত্যেকের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও স্বতন্ত্র জীবন ব্যবস্থা রয়েছে। তার মধ্যে দেশের দক্ষিণ-পূর্বের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ১৪টি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে থাকে। বাংলা বর্ষের চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ বরণ কেন্দ্রিক তাদের প্রধান সামাজিক উৎসব পালিত হয়। যা একেক জনগোষ্ঠীর কাছে একেক নামে পরিচিত এবং একেক জনগোষ্ঠীর উদযাপনের ধরণেও আছে বৈচিত্র্য। চাকমারা এটিকে বিজু, মারমারা সাংগ্রাই, ত্রিপুরারা বৈসু, তঞ্চঙ্গ্যারা বিষু, অহমিয়ারা বিহু, এবং ম্রোরা চাংক্রান নামে এই উৎসবটি স্বকীয় সাংস্কৃতিক আয়োজনে উদযাপন করে থাকে। কিন্তু উৎসবের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলমান থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পার্বত্য চট্টগ্রামের অনেক আদিবাসী শিক্ষার্থী তাদের নিজস্ব সংস্কৃতি উদযাপন থেকে বঞ্চিত হচ্ছেন । নির্বিঘ্নে উৎসব পালনের তাগিদে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ তার প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আদিবাসীদের প্রধান উৎসবের দিনগুলিতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির দাবি জানিয়ে আসছে।

উক্ত স্মারকলিপিতে জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ নিম্নোক্ত তিনটি দাবি জানায়:
১। এ বছরের বিজু-বিষু-বিহু-বৈসু-সাংগ্রাই-চাংক্রান উপলক্ষ্যে চলমান শিক্ষাবর্ষে বাংলা নববর্ষের আগের ও পরের দুইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল পরীক্ষা স্থগিত ও উৎসবে যোগদানের সুবিধার্থে ক্লাশ ছুটি ঘোষণা করতে হবে।
২। আগামী শিক্ষাবর্ষ থেকে উক্ত সময়ে পরীক্ষা বাতিল ও ক্লাস ছুটি ঘোষণা করতে হবে।
৩। আগামী শিক্ষাবর্ষ থেকে উক্ত সময়ে ছুটির বিষয়টি বিবেচনায় রাখার ব্যাপারে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে।

উল্লেখ্য, বিগত ২০২২ সালে এই উৎসবের দিনে পরীক্ষা চলমান থাকার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ- ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজু-বিহু-বিষু-বৈসু-সাংগ্রাই-চাংক্রান কেন্দ্রিক একটি ভিন্নধর্মী প্রতিবাদী র্য্যালি ও সমাবেশ আয়োজন করে। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মো: আখতারুজ্জামান। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসবের সময়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শিথিল রাখার আশ্বাস দিলেও সেটির বাস্তব প্রতিফলন না হওয়ায় এই বছরও সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ বছরের বিজু-বিষু-বিহু-বৈসু-সাংগ্রাই-চাংক্রান উপলক্ষ্যে চলমান শিক্ষাবর্ষে বাংলা নববর্ষের আগের ও পরের দুইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল পরীক্ষা স্থগিত ও উৎসবে যোগদানের সুবিধার্থে ক্লাশ শিথিলের ঘোষণা, আগামী শিক্ষাবর্ষ থেকে উক্ত সময়ে পরীক্ষা বাতিল ও ক্লাস শিথিলের ঘোষণাসহ এই উৎসবের সময়ে ছুটি রাখার বিষয়টি বিবেচনায় রাখার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আলোচনার বিষয়ে দাবি জানায়।

উক্ত দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান তৎক্ষণাৎ ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল আলম চৌধুরীকে এ বেপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ প্রদান করেন। উপাচার্য স্মারকলিপিতে উল্লিখিত বিষয়গুলো আমলে নিয়ে ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এই বছরের সকল ফাইনাল পরীক্ষা অন্য সময়ে স্থানান্তর করার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যে নির্দেশ প্রদান করেন এবং পরবর্তীতেও এই বিষয়টির পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন বলেও জানা যায়। তাছাড়া এ বিষয়টি পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় উত্থাপন করে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হবে বলেও আশ্বাস দেন জুম সাহিত্য সংসদের নেতৃবৃন্দকে।

স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সাধারণ সম্পাদক রিনাকি চাকমা, সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক নিশান ত্রিপুরা, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের সিনিয়র শিক্ষার্থী লেনিক চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুমেধ চাকমা প্রমুখ।

Back to top button