পাহাড়ে অব্যাহতভাবে জুম্ম নারীর উপর সংঘটিত সহিংসতার নিন্দা হিল উইমেন্স ফেডারেশনের

আইপিনিউজ ডেক্স(ঢাকা): সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্ম নারীদের হত্যা, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একের পর জুম্ম নারীর উপর সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার যথাযথ বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করার কারণে বারবার এ ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে বলে মনে করছে হিল উইমেন্স ফেডারেশন। গতকাল শনিবার সংগঠনটির কেন্দ্রীয় সদস্য উলিসিং মারমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানায় সংগঠনটি।
সাম্প্রতিক সময়ে জুম্ম নারীর উপর সংঘটিত ছয়টি ঘটনা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ছয়টি ঘটনার মধ্যে মাত্র একটি, যেমন লামার ফাঁসিয়াখালির আদিবাসী নারী ধর্ষণ ঘটনার অভিযুক্ত মোঃ কায়সারকে পুলিশ গ্রেফতার করলেও অন্যান্য সহিংস ঘটনার সাথে জড়িত অপরাধীদের কাউকে পুলিশ এখনও গ্রেফতার করেনি।
বিবৃতিতে সংগঠনটি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নারীর উপর সংঘটিত হত্যা, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও হয়রানির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়া অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে যথাযথ বিচারের দাবিও জানায় সংগঠনটি।
হিল উইমেন্স ফেডারেশন এসব সহিংস ঘটনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের নিকট নিম্নোক্ত দাবি জানায়-
(১) অবিলম্বে ধর্ষক ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে।
(২) দ্রুত রোডম্যাপ ঘোষণাপূর্বক পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন করতে হবে।
উল্লেখ্য যে, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৩, বান্দরবানের লামা উপজেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নের লাউঝিরি এলাকায় সেটেলার বাঙালি মো. কায়সার (৩৮) কর্তৃক এক আদিবাসী মারমা নারী ধর্ষণের শিকার হয়।
এছাড়াও গত ১০ ফেব্রুয়ারি ২০২৩, খাগড়াছড়ি জেলার পানছড়িতে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক জুম্ম স্কুলছাত্রীকে (১৪) দুপুরের দিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে এবং এর পরপরই কতিপয় দুর্বৃত্ত কর্তৃক আটক রেখে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয় ও পাচারের চেষ্টার ঘটনা ঘটে।
এদিকে গত ৩ মার্চ ২০২৩, সকাল আনুমানিক ১১ টার দিকে রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার সুবলং ইউনিয়নে মাইচছড়ি গ্রামে রাঙ্গামাটি—জুরাছড়ি জলপথের এক সেটেলার বোট চালক কর্তৃক এক আদিবাসী চাকমা নারী (২৫) ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। ধর্ষণের চেষ্টাকারী বোট চালকের নাম আবদুল মালেক (৫৫), পীং—বাচা মিয়া, ঠিকানা—রিজার্ভ বাজার, রাঙ্গামাটি বলে জানা গেছে।
অন্যদিকে গত ৫ মার্চ ২০২৩, রাত ৮ টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হন রাঙ্গামাটির তরুণী চম্পা চাকমা (২৬)। নিহত চম্পা রাঙামাটি সদর উপজেলার ৫নং বন্দুকভাঙা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাক্রাছড়ি গ্রামের শান্তিময় চাকমার মেয়ে। তিনি পদক্ষেপ নামে একটি বেসরকারি মানবিক উন্নয়ন সংস্থায় রাঙ্গুনিয়া শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৩, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এক আদিবাসী নারী (৪৫) খাগড়াছড়ি সদরের ৫ নং পৌর ওয়ার্ডের বাসিন্দা মোঃ হারুন—অর—রশিদ (৪০) কর্তৃক ধর্ষণের শিকার হন। ধর্ষকের হুমকি, লজ্জা ও অপমানের ভয়ের কারণে ভুক্তভোগী নারী এতদিন ঘটনাটি প্রকাশ না করলেও, গত ১৪ মার্চ ২০২৩ তিনি নিজেই খাগড়াছড়ি সদর থানায় ধর্ষক মোঃ হারুন—অর রশিদ এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
সর্বশেষ গত ১১ মার্চ ২০২৩, বান্দরবান জেলাধীন থানচি উপজেলার রেমাক্রি—প্রাংসা ইউনিয়নের তামলৌ পাড়ার এক গর্ভবতী আদিবাসী বম নারী (৩৫)—কে স্থানীয় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে ডেকে নিয়ে আইনরক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্যাতন ও হয়রানি করে বলেও অভিযোগ পাওয়া গেছে।


