পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে রংপুরে নাগরিক সমাজের সমাবেশ অনুষ্ঠিত

আইপিনিউজ ডেক্স(ঢাকা): আজ পাবর্ত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বর্ষপূর্তিতে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা ও সম্মিলিত নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এর আয়োজনে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এটি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গণপদযাত্রা বের করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড নাজমুল হক প্রধান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, নৃ-বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরিন, এএলআরডি এর নির্বাহী পরিচালক সামসুল হুদা, জেএসএস কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মন্ডলীর সদস্য দীপায়ন খীসা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঢাকা এর সভাপতি ড. নুর মোহাম্মাদ তালুকদার, সিপিবি, রংপুর জেলার সভাপতি কমরেড বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, বাসদ রংপুর জেলার আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, প্রজন্ম একাত্তর কেন্দ্রীয় কমিটির সদস্য দেবদাস ঘোষ দেবু, জাসদ রংপুর জেলার সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান । সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ মোজাহার আলী, সঞ্চালনায় ছিলেন জাসদ রংপুর মহানগরের সভাপতি গৌতম রায়।

গণপদযাত্রা ও নাগরিক সমাবেশে দেশের প্রগতিশীল ব্যক্তিত্ব, শিক্ষক, আইনজীবী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী, নাগরিক সমাজসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৫ বছর পেরিয়ে গেলেও চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো বাস্তবায়িত হয়নি। এখনো উপনিবেশিক কায়দায় পাহাড়ি জনগোষ্ঠীর ওপর শাসন-শোষণ অব্যাহত রয়েছে বলেও বক্তারা অভিযোগ করেন। মূলত রাজনৈতিক সদিচ্ছার অভাবেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষ নানা দিক থেকে উপেক্ষিত বলে দাবি বক্তাদের।


