দুলাল চন্দ্র’কে গলা কেটে হত্যা ও অপু কর্মকার-কে কুপিয়ে আহত করা ঘটনায় ঐক্য পরিষদের ক্ষোভ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): অজ্ঞাত পরিচয়ে কিছু দুষ্কৃতকারী গতকাল (৯ জুন) গভীর রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার অন্তর্গত রাজগঞ্জের টংগীরপাড় গ্রামের হরলাল চন্দ্র দাসের পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা এবং লক্ষীপুর উপজেলার পৌর শহরে প্রকাশ্যে গত ৭ জুন রাত সাড়ে ৮টার দিকে ৭-৮ জন দুষ্কৃতকারী ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে ‘আর. কে. শিল্পালয়’-র স্বর্ণালংকার লুট ও এ সময় দুষ্কৃতকারীরা দোকান মালিক অপু কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
ঐক্য পরিষদের সভাপতিত্রয় মি. ঊষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক ও মি. নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত আজ এক বিবৃতিতে বলেছেন, গণতান্ত্রিক দেশে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ওপর এই ধরণের নির্মম হত্যাকান্ড মেনে নেয়া যায় না। বর্বর এই হত্যাকান্ড এবং স্বর্ণালংকার লুট ও দোকান মালিককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা যথাযথ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণপূর্বক সমুচিত শাস্তিদানের পদক্ষেপ গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রী ও আইজিপি’র কাছে বিবৃতিতে দাবি জানানো হয়।


