জাতীয়

জাতীয় চারুকলা প্রদর্শনীতে চিত্রকলা বিভাগে জয়তু চাকমা’র শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন

আইপিনিউজ ডেক্স(ঢাকা): গতকাল সোমবার (২৮ মে) বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রকলা বিভাগে শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন করেন পাহাড়ের চিত্রশিল্পী জয়তু চাকমা। তার নির্বাচিত চিত্রকর্মটির নাম “নির্বাপিত সত্ত্বা”। নির্বাপিত সত্তা শিরোনামে অংকিত চিত্র কর্মটিতে কী ‍বুঝাতে চেয়েছেন এমন প্রশ্নের জবাবে জয়তু চাকমা আইপিনিউজকে বলেন, ‘অস্তিত্ব’ সংকট মানুষের স্বাভাবিক জীবনধারাকে আঘাত করে, প্রাণের স্পন্দনে প্রতিনিয়ত নতুন নতুন রোগের সঞ্চার করে। ভিন্ন ভিন্ন জাতিসত্ত্বার বৈচিত্র্যময় জীবনাচারের সৌন্দর্য ব্যাহত হলে তার বিকাশ মূলেই বিনষ্ট হবে। ‘দুষ্টশক্তি’ পুঁজির হাত ধরে শ্রেণি-বর্ণ বিভেদকে কাজে লাগিয়ে পাহাড়-প্রকৃতি ঘিরে যে জীবন-সংস্কৃতি, তার নিজস্ব প্রাণস্রোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে প্রাণ-প্রকৃতির স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটবেই। এরফলে, স্থান-কালের প্রেক্ষিতে বেড়ে ওঠা জীবন ও সংস্কৃতির অস্তিত্ব লুপ্ত হবে। সময়ের দেয়ালে যুগে যুগে নির্মিত দৃশ্য দিনে দিনে মুছে যাবে নীরবে। এই কথাগুলোই আমি আমার চিত্রকর্মটিতে ফুটিয়ে ‍ তুলবার চেষ্টা করেছি।

‘নির্বাপিত সত্তা’ শিরোনামে অংকিত নিজ চিত্রকর্মের সামনে চিত্রশির্পী জয়তু চাকমা।

জয়তু চাকমা’র উক্ত চিত্রকর্মটিতে আছে পাহাড়ের জীবনবোধ। আধুনিক তথাকথিত উন্নয়ন ও পুঁজির অব্যাহত আগ্রাসনে পাহাড়ে হারিয়ে যেতে থাকা বর্ণাঢ্য আদিবাসী সংস্কৃতিই মূলত তাঁর চিত্রকর্মটির সারাংশ। শ্রেষ্ঠ পুরষ্কার অর্জনের অনুভূতি জানিয়ে আইপিনিউজকে তিনি বলেন, যেখানে আমাদের পাহাড়ের আদিবাসী শিল্পীরা এই ধরণের প্রদর্শনীতে খুব কমই অংশ নেন। সেখানে আমার এই পুরষ্কার প্রাপ্তি নিশ্চয় আমার জন্য গৌরবের।

ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে জয়তু চাকমা আইপিনিউজকে বলেন, আমি আমার শিল্পচর্চা চালিয়ে যেতে চাই। একই সাথে পাহাড়ের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে আমার তুলিতে আঁকতে চাই। আগামীতে একক প্রদর্শনী আয়োজনের প্রস্তুতিও আছে।

উল্লেখ্য জাতীয় চিত্রশালা গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীটি চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে বাংলাদেশের ১১৩৮জন শিল্পীর ২৯১৪টি শিল্পকর্ম জমা পড়ে। গত এপ্রিলে তিনদিনব্যাপী পর্যালোচনা শেষে নির্বাচকরা বিভিন্ন বিভাগ থেকে ২৬১জন শিল্পীর ৩০১টি শিল্পকর্ম নির্বাচন করেন। প্রদর্শনীর প্রত্যেকটি মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়। এছাড়া গত “১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ- ২০২২” এও গ্র্যান্ড এওয়ার্ড পুরষ্কারে ভূষিত হয়েছেন ৩ জন চিত্রশিল্পী এবং ” Honourable Mention Award” পুরষ্কারে ভূষিত হয়েছেন ৬ জন চিত্রশিল্পী। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন পার্বত্য চট্টগ্রামের প্রতিভাবান শিল্পী জয়তু চাকমা।

Back to top button