ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন: ৩০ টি ওয়ার্ডে গণশুনানীর দাবি

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী: রাজশাহী ওয়াসার পানির মূল্য তিনগুন বৃদ্ধির প্রতিবাদে আজ ৯ই ফেব্রুয়ারি, ২০২২ সকালে সকাল ১১.৩০ মিনিটে সাহেব বাজার জিরো পয়েন্টে স্বাস্থ্য বিধি মেনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য এ্যাড.এন্তাজুল হক বাবু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, নাজমুল করিম অপু, বাংলাদেশ যুবমৈত্রী রাজশাহী মহানগর সভাপতি মনিরুজ্জামান মনির, বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী মহানগর সভাপতি ওহি। প্রতিবাদ সমাবেশ সঞ্চালন করেন বাংলাদেশ যুবমৈত্রী রাজশাহী জেলা সভাপতি মনির উদ্দিন পান্না।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে ওয়ার্কার্স পার্টি নেতৃবৃন্দ বলেন, রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষ পানির মূল্য বৃদ্ধির এই অনৈতিক অগ্রহণযোগ্য দাবি ওয়ার্কার্স পার্টি মেনে নেবে না। ওয়াসা কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আগামীতে নগরীর ৩০ টি ওয়ার্ডের সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে ওয়াসা ঘেরাও কর্মসূচি সহ ওয়াসার গনবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজপথে কর্মসূচি অব্যাহত থাকবে। সাধারণ মানুষ সহ বিপুল সংখ্যক গৃহিণীদের উপস্থিতি বলে দেয় ওয়াসার পানির মূল্য তিনগুন বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। একই সাথে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের নেতৃবৃন্দরা রাজশাহী মহানগরীর কাউন্সিল সহ সকল শ্রেণি-পেশার মানুষের সাথে ৩০ টি ওয়ার্ডে গণশুনানীর দাবি জানানো হয়।


