ঢাকায় দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা–২০২৬’ ৬ নভেম্বর শুরু

আইপিনিউজ বিডি, ৩০ অক্টোবর ২০২৬, ঢাকাঃ ঢাকায় আগামী ৬ ও ৭ নভেম্বর (শুক্রবার ও শনিবার) দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা–২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আদিবাসীদের ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতি, দেশীয় শস্য, কৃষিজ পণ্য ও বৈচিত্র্যময় রান্নার ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
রাজধানীর মিরপুর-১৩-তে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে (বিআরটিএর সম্মুখে) প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন রাখা হয়েছে।
আয়োজকদের প্রচারপত্রে জানানো হয়েছে, মেলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতিতে প্রস্তুত বিভিন্ন ধরনের তেল ও মসলামুক্ত বাহারি স্বাদের খাবার, পিঠা এবং জৈব কৃষিপণ্যসহ নানা ধরনের দেশীয় খাদ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব খাদ্যাভ্যাস, কৃষিজ্ঞান, ঐতিহ্যবাহী শস্য ও খাদ্যসংস্কৃতির সঙ্গে নগরবাসীর পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, আদিবাসীদের খাদ্য ও কৃষিভিত্তিক ঐতিহ্য কেবল তাদের জীবনযাত্রার অংশ নয়, বরং দেশের সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যেরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এ ধরনের আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতি সংরক্ষণ, প্রচার এবং বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক পরিচিতি ও সম্প্রীতি বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।
মেলায় পরিবার-পরিজন ও সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদবৃন্দ যৌথভাবে এ মেলার আয়োজন করছে।


