খাগড়াছড়িতে চবির সাবেক শিক্ষার্থীকে অপহরণ ও মারধরের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

আইপিনিউজ বিডি, ২৮ অক্টোবর ২০২৬, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি সদর উপজেলার ধর্মপুর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্কুল শিক্ষক উজ্জ্বল চৌধুরী মারমা নামে এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ ও মারধরের অভিযোগ উঠেছে ইউপিডিএফ এর বিরুদ্ধে। ইউপিডিএফ (মূল)-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কয়েকজন অজ্ঞাতনামা সদস্যের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। বর্তমানে তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৬ অক্টোবর ২০২৬, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উজ্জ্বল চৌধুরী মারমা তাঁর এক বান্ধবীকে সঙ্গে নিয়ে ধর্মপুর এলাকার মেঘনেট রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন। একপর্যায়ে তাঁরা তাঁর কাছে সেখানে অবস্থানের কারণ জানতে চান এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে তল্লাশি চালান বলে অভিযোগ রয়েছে।
পরে ওই ব্যক্তিরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেঁধে ধর্মপুর এলাকার একটি অজ্ঞাতনামা জুমঘরে নিয়ে যান। সেখানে তাঁকে মারধর করে শারীরিকভাবে আহত করা হয়। দীর্ঘ সময় আটকে রাখার পর গত ২৭ অক্টোবর, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে তাঁকে ধর্মপুর এলাকায় ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
মুক্তি পাওয়ার পর উজ্জ্বল চৌধুরী মারমা অটোরিকশাযোগে খাগড়াছড়ি সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তিনি বাড়িতে ফিরে যান। তবে মাথায় আঘাতজনিত কারণে শারীরিক অবস্থার অবনতি হলে একই দিন রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
উল্লেখ্য যে, উজ্জ্বল চৌধুরী মারমা গুইমারা কলেজিয়েট হাই স্কুলে শিক্ষকতা করতেন বলে জানা গেছে।


