শিল্প ও সংস্কৃতিসাহিত্য

ম্রো জীবন, ভাষা ও সংস্কৃতি নিয়ে ঢাবিতে দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন

আইপিনিউজ বিডি, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকাঃ ম্রো জনগোষ্ঠীর জীবন, ভাষা ও সংস্কৃতিকে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়াং, শুনতা সাংচিয়া কম—পর্ব ১’।

রবিবার (২৩ আগস্ট) আয়োজিত এ পর্বে চলচ্চিত্রের পর্দায় ম্রো জীবন, ভাষা ও সংস্কৃতির ওপর নির্মিত এবিএম নাজমুল হুদা পরিচালিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—‘ম্রো রূপকথা’ ও ‘পরিণাম’ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র দুটির পরিচালক এবিএম নাজমুল হুদা, সিনেমাটোগ্রাফার এস. এম. কামরুল আহসান লেনিন এবং এডিটর চৈতালী সমাদ্দার। তাঁরা ‘ম্রো রূপকথা’ নির্মাণ দলের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা।

আয়োজকদের মতে, ম্রো জনগোষ্ঠীর জীবন, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে চলচ্চিত্রের ভাষায় তুলে ধরার মাধ্যমে বৃহত্তর সমাজের কাছে তাদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিচয় তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি নির্মাতাদের উপস্থিতি ও তাঁদের সঙ্গে মতবিনিময় আয়োজনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি সুর্মী চাকমা ও সাধারণ সম্পাদক নেবাই এউং খুমি।

আয়োজকরা জানান, ‘ওয়াং, শুনতা সাংচিয়া কম’ ধারাবাহিক আয়োজনের মাধ্যমে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর জীবন, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি নিজেদের সাংস্কৃতিক শিকড় সম্পর্কে জানার সুযোগ তৈরি করা হবে।

Back to top button