চাকমাদের আহ্ল পালনী উৎসবের তাৎপর্য, প্রচলিত রীতি-আচার ও বর্তমান প্রাসঙ্গিকতা
ম্যাকলিন চাকমা

চাকমা জাতির ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে ‘আহ্ল পালনী’ একটি গুরুত্বপূর্ণ সামজিক ও সাংস্কৃতিক অনুষঙ্গ। তবে এ উৎসবের উৎপত্তি, উদ্দেশ্য ও প্রকৃত তাৎপর্য সম্পর্কে আজও সুস্পষ্ট ঐতিহাসিক ধারণা খুব কম মানুষের মধ্যে বিদ্যমান। ফলে যুগে যুগে এর উদযাপন পদ্ধতিতেও নানা পরিবর্তন ও বিভ্রান্তি দেখা দিয়েছে।
বর্তমানে চাকমারা আষাঢ় মাসের ৭ তারিখে আহ্ল পালনী পালন করে থাকে। এদিন সাধারণত কৃষিকাজ থেকে বিরত থাকা, জমিতে দা-কোদাল ব্যবহার না করা, অতিথি আপ্যায়ন, পিঠা প্রস্তুত এবং পারিবারিক আচার পালনের রীতি প্রচলিত রয়েছে।
চাকমা সমাজে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের ৭ তারিখে বসুমতি বা ধরিত্রী ঋতুমতি হন এবং তাঁর উর্বরতা শক্তির নবজাগরণ ঘটে। এ কারণে দিনটিকে কৃষিজীবনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কৃষক সমাজ বিশ্বাস করে, এ দিনের যথাযথ পালন সারা বছরের কৃষিকাজে সমৃদ্ধি ও সফলতার বার্তা বয়ে আনে।
এই উপলক্ষে কৃষিকাজ থেকে বিরত থাকার একটি সামাজিক রীতি রয়েছে। শুধু মানুষই নয়, কৃষিকাজে ব্যবহৃত হালের বলদকেও সেদিন মাঠে কাজ করানো হয় না। মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা এবং প্রকৃতির উর্বর শক্তির প্রতি সম্মান জানিয়ে বলদকে বিশ্রাম দেওয়া হয়।
ঐতিহ্যগতভাবে এই উৎসবকে ঘিরে প্রতিটি পরিবারে নানা ধরনের পাহাড়ি খাবার প্রস্তুত করা হয়। এর মধ্যে বিভিন্ন প্রকার পিঠা এবং স্থানীয়ভাবে প্রস্তুত মদ বিশেষভাবে উল্লেখযোগ্য। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের আপ্যায়নের মধ্য দিয়ে উৎসবটি সামাজিক সম্প্রীতির রূপ লাভ করে।
আহ্ল পালনী উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এর সামাজিক বন্ধন সৃষ্টির ভূমিকা। এ উৎসবকে কেন্দ্র করে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক মেলবন্ধন গড়ে ওঠে। একে অপরের বাড়িতে যাওয়া, খাবার ভাগাভাগি করা এবং আন্তরিক আপ্যায়নের মাধ্যমে সামাজিক সম্পর্ক আরও দৃঢ় ও অর্থবহ হয়ে ওঠে। ফলে আহ্ল পালনী শুধু কৃষি ও সংস্কৃতির উৎসব নয়, বরং সামাজিক ঐক্য, সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
এদিন গৃহিণীরা মা লক্ষ্মীর উদ্দেশ্যে বিশেষ নৈবেদ্য নিবেদন করেন। সাধারণত একটি থালায় মুরগি, ডিম ও ভাত সাজিয়ে উৎসর্গ করা হয়। পরিবারের কল্যাণ, সুখ-সমৃদ্ধি এবং কৃষি উৎপাদনের প্রাচুর্য কামনায় এই নৈবেদ্য অর্পণ করা হয়। চাকমা সমাজে এটি একটি পবিত্র ও মঙ্গলসূচক আচার হিসেবে বিবেচিত।
আমার জানামতে, আহ্ল পালনী আদতে শাক্য জাতির প্রবর্তিত প্রাচীন ‘হল কর্ষণ উৎসব’-এরই উত্তরাধিকার। দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবের ফলে এর প্রকৃত রূপ ক্রমে বিবর্তিত হয়েছে। ফলে উৎসবটি টিকে থাকলেও এর মূল দর্শন অনেকাংশে আড়ালে চলে গেছে।
দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আহ্ল পালনী উৎসব চাকমা সমাজ থেকে ক্রমশ হারিয়ে যেতে বসেছে। এর অন্যতম কারণ হলো উৎসবটির প্রকৃত ইতিহাস, দর্শন ও সাংস্কৃতিক গুরুত্ব এখনো সমাজে সুসংহতভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। অনেকেই উৎসবটির আচার-অনুষ্ঠান সম্পর্কে জানলেও এর গভীর সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে অবগত নন। ফলে নতুন প্রজন্মের কাছে এটি ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে।
অন্যদিকে চাকমা সমাজের ঐতিহ্যবাহী জুমচাষ ব্যবস্থার ক্রমাবনতি আহ্ল পালনী উৎসবের অস্তিত্বকেও প্রভাবিত করেছে। জুমচাষ কেবল একটি কৃষি পদ্ধতি নয়; এটি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনব্যবস্থা, প্রকৃতিবোধ এবং সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। জুম, বন, পাহাড় ও মানুষের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক গড়ে উঠেছে, হাল পালনী উৎসব তারই সাংস্কৃতিক প্রকাশ।
বন, মাটির উর্বরতা, বৃষ্টিপাতের নিয়মিততা এবং কৃষি উৎপাদনের সফলতা সবকিছুর সঙ্গে তাদের জীবন ও জীবিকা জড়িয়ে আছে। আহল পালনী সেই সম্পর্কের প্রতীকী স্বীকৃতি। এটি মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক ঐতিহাসিক স্মারক, যেখানে মাটির প্রতি শ্রদ্ধা, কৃষির প্রতি দায়বদ্ধতা এবং সামষ্টিক কল্যাণের প্রত্যাশা একসূত্রে গাঁথা।
তাই আহল পালনীকে শুধুমাত্র একটি লোকজ উৎসব হিসেবে দেখলে এর প্রকৃত গুরুত্ব উপলব্ধি করা যাবে না। এটি চাকমা জাতির কৃষিভিত্তিক সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দলিল, যা আমাদের অতীত ঐতিহ্য, প্রকৃতি-চেতনা এবং সামষ্টিক জীবনদর্শনের সাক্ষ্য বহন করে।
বর্তমান সময়ে সবচেয়ে জরুরি কাজ হলো তরুণ প্রজন্মের কাছে আহল পালনীর ইতিহাস, তাৎপর্য ও সাংস্কৃতিক মূল্যবোধ তুলে ধরা। চাকমা সমাজের প্রগতিশীল চিন্তক, গবেষক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাঁদের লেখনী, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে হাল পালনী উৎসবকে নতুনভাবে পরিচিত, সমৃদ্ধ এবং প্রতিষ্ঠিত করা সম্ভব।
থাইল্যান্ড, কম্বোডিয়া ও মিয়ানমারসহ বহু বৌদ্ধপ্রধান দেশে শাক্য ঐতিহ্যবাহী কৃষি-উৎসব আজও রাষ্ট্রীয় ও সামাজিক গুরুত্বের সঙ্গে পালিত হয়। চাকমা জাতির ক্ষেত্রেও আহ্ল পালনী সেই ঐতিহ্যের ধারক ও বাহক হতে পারে।


