বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমার বিরুদ্ধে মানহানিকর অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

আইপিনিউজ বিডি, ১১ জুন, বিশেষ প্রতিবেদনঃ আজ (১১ জুন ২০২৬) বৃহস্পতিবার বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চিটাগং হিল ট্রাক্টস রাইটার্স ইউনিয়ন।
বিবৃতিতে বলা হয়,পার্বত্য চট্টগ্রামের প্রথিতযশা শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমাকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ব্যক্তিগত বিদ্বেষ ও সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে পরিচালিত এই অপচেষ্টা শুধু একজন সম্মানিত ব্যক্তির মর্যাদাহানির প্রচেষ্টা নয়; বরং পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের প্রতি এক ধরনের অবমাননাও বটে।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয় যে, শিশির চাকমা পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে এক সুপরিচিত ও শ্রদ্ধাভাজন নাম। তিনি চিটাগং হিল ট্রাক্টস রাইটার্স ইউনিয়ন-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সংগঠনটির ভিত্তি নির্মাণ, বিকাশ ও সুসংগঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, সৃজনশীল চিন্তা ও সাংগঠনিক প্রজ্ঞার মাধ্যমে বহু নবীন লেখক, গবেষক ও সাহিত্যসাধক অনুপ্রেরণা লাভ করেছেন। বর্তমানে তিনি এই সংগঠনের একজন সম্মানিত উপদেষ্টা হিসেবে নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন এবং সংগঠনের কার্যক্রমে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি মোনঘর আবাসিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে শিক্ষাক্ষেত্রে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর শিক্ষাদর্শ ও কর্মনিষ্ঠা বহু শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষকতা পেশাকে তিনি কেবল জীবিকার মাধ্যম হিসেবে নয়, বরং জাতি ও সমাজ গঠনের এক মহৎ ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। বর্তমান সময়েও শিশির চাকমা পাহাড়ের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছেন। পার্বত্য অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ, বিকাশ এবং প্রজন্মান্তরে তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। একজন সমাজসচেতন বুদ্ধিজীবী হিসেবে তিনি সবসময় মানবিকতা, প্রগতিশীলতা ও জ্ঞানের চর্চাকে উৎসাহিত করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, এমন একজন গুণী, সজ্জন ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মিথ্যাচার ও চরিত্রহননের যে অপচেষ্টা চলছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মতপ্রকাশের স্বাধীনতা কখনোই মিথ্যা তথ্য প্রচার, বিদ্বেষ ছড়ানো কিংবা কোনো ব্যক্তির সম্মানহানি করার অবাধ সুযোগ হতে পারে না। সভ্য ও গণতান্ত্রিক সমাজে অভিযোগ উত্থাপনের যথাযথ প্রক্রিয়া রয়েছে; সামাজিক যোগাযোগমাধ্যমকে অপপ্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করা অনৈতিক, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়।
আমরা চিটাগং হিল ট্রাক্টস রাইটার্স ইউনিয়ন-এর পক্ষ থেকে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি যে, শিশির চাকমার বিরুদ্ধে পরিচালিত সকল ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে এই মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। সত্য, ন্যায় এবং গুণীজনের মর্যাদা রক্ষায় সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।