আঞ্চলিক সংবাদ

নব্য ঢাবিয়ান শ্রীবনের পাশে বাহাছাস

দেশের অন্যতম বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে বি ইউনিট থেকে চান্স পাওয়া শ্রীবন হাজং অক্ষয়ের পাশে দাঁড়ালো বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস)। ৪ সেপ্টেম্বর রবিবার নব্য ঢাবিয়ান শ্রীবনের ভর্তি ফি বাবদ হিসাবে আর্থিক সহায়তা প্রদান করেছে বাহাছাস।

শ্রীবন হাজং সুনামগঞ্জের মধ্যনগর থানার চা দোকানদারের ছেলে। বাবার অল্প আয়ে তাঁর পড়াশোনার খরচ চালানো অসম্ভব। মেধাবী শ্রীবন হাজংয়ের জীবনে বহুবার পড়াশোনা বন্ধ হবার মতো পরিস্থিতি দেখা গেছে। তাঁর পরিশ্রম ও অধ্যবসায় আজকের এই সফলতার মুখ দেখিয়েছে। মা-বাবা ও চার ভাই বোনের মধ্যে কনিষ্ঠ শ্রীবনের পরিবারে আয়ের একমাত্র উৎস বাবার পাশাপাশি বড় বোন সুমিত্রা হাজংয়ের অবদান রয়েছে। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমিত্রা পড়াশোনার পাশাপাশি গ্রামে একটি কোচিং সেন্টার করেছেন। প্রায় ১০০ ছাত্র ছাত্রী পড়িয়ে যে আয় হয় তাতে নিজের ও শ্রীবনের পড়াশোনার খরচ বহনের চেষ্টা করেন। তাঁর মতে, দিদিই তার জীবনে সফলতায় প্রকৃত নায়ক।

নব্য ঢাবিয়ান শ্রীবন হাজং আইপি নিউজকে বলেন, ‘অভাব অনটনের মাঝেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি, তখনো মনে ছিলো ভয়। কিন্তু, বাহাছাসের এই উপকার আমার পথচলায় সাহস যোগাচ্ছে। আমি অন্ত্যন্ত কৃতজ্ঞ।’

তিনি আরোও বলেন, ‘আমি পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠির জন্যে কাজ করতে চাই। সকলে প্রার্থনা করবেন।’

বাহাছাস সভাপতি অন্তর হাজং বলেন, ‘বাহাছাস হাজং ছাত্র-ছাত্রীদের সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জাতির জন্যে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমাদের কাজকে বেগবান করতে যিনারা মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Back to top button