শিল্প ও সংস্কৃতিসাহিত্য

আদিবাসী ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে রাঙামাটিতে ‘সাহিত্য উৎসব ২০২৬’

আইপিনিউজ বিডি, ১৯ জুন, ডেক্স রিপোর্টঃ আগামী ১৭ জুলাই রাঙামাটিতে বাংলাদেশ আদিবাসী কবি, লেখক ও সাহিত্যিক ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে “সাহিত্য উৎসব ২০২৬”।

আদিবাসী ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, সংরক্ষণ এবং চর্চার লক্ষ্যে আগামী ১৭ জুলাই ২০২৬ রাঙামাটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে “সাহিত্য উৎসব ২০২৬”।

উৎসবটি পাহাড় ও সমতলের আদিবাসী কবি, লেখক, সাহিত্যিক, গবেষক, সংস্কৃতিকর্মী এবং সংস্কৃতিপ্রেমীদের এক মিলনমেলায় পরিণত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। দিনব্যাপী এই আয়োজনে কবিতা আবৃত্তি, সাহিত্য পাঠ, সাহিত্য আলোচনা, সম্মাননা প্রদান, বইমেলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন সৃজনশীল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের মতে, আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার উদ্দেশ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন আদিবাসী ভাষায় রচিত সাহিত্যকর্ম উপস্থাপন, গবেষণা প্রবন্ধ পাঠ এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।

এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আদিবাসী কবি, লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে। তরুণ লেখক ও সাহিত্যচর্চায় আগ্রহীদের জন্যও উৎসবটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে বহুসাংস্কৃতিক বাংলাদেশের চেতনাকে আরও সমৃদ্ধ করা এবং আদিবাসী জনগোষ্ঠীর সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা সকল সাহিত্যপ্রেমী, শিক্ষার্থী, গবেষক ও সংস্কৃতিসচেতন মানুষকে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Back to top button