জাতীয়

ঢাবি জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি ঘোষণাঃ নেতৃত্বে অনন্ত, শুভার্থী ও কৌশিক

আইপিনিউজ, ঢাবি প্রতিনিধি:পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জুম্ম শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যূালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি ঘোষিত হয়েছে। আজ ০৯ ডিসেম্বর, ২০২৩, রোজ: শনিবার, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে। এবারের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অনন্ত তঞ্চঙ্গ্যা। অন্যদিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শুভার্থী চাকমা এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন কৌশিক চাকমা। ৫৩ জন সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে সংগঠনটির নেতৃবৃন্দ আইপিনিউজকে জানিয়েছেন।

উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পাহাড়ের জুম্ম শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন। পূর্বে এই সংগঠনটির নাম ছিল জুম লিটারেচার এন্ড ইয়াং সোসাইটি। পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ জুম সাহিত্য ও সংস্কৃতিকে প্রচার ও প্রসার ঘটানোর লক্ষ্যে নব্বই দশকের শেষদিকে রাঙ্গামাটি সরকারী কলেজের একঝাঁক তরুণ সংস্কৃতি সচেতন জুম্ম তরুণ এই সংগঠনটির গোড়াপত্তন করেন। সংগঠনটির উদ্যোগে প্রকাশিত হতে থাকে ‘জুম’ ম্যাগাজিন। তারই ধারাবাহিকতায় এই তরুণদের একটি অংশ পড়াশুনার সুবাদে ঢাকায় বেরিয়ে পড়ে এবং সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে। পরে সংগঠনটির কার্যক্রম ক্রমেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হতে থাকে। তারই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের উপসনালয়ে ‘ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব’ এর মধ্য দিয়ে এই সংগঠনটি নতুন কলেবরে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’ নামে আত্মপ্রকাশ করে। প্রতিবছরের ন্যায় এবছরও এই সংগঠনটির উদ্যোগে জুম ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। এবারের সম্পাদক ছিলেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ঐতিহ্য চাকমা। গত ৪ নভেম্বর ২০২৩ ছিল এই ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও বাংলা একাডেমীর সভাপতি সেলিনা হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও আদিবাসী গবেষক মেসবাহ কামালসহ বিশিষ্টজনরা।

জুম ম্যাগাজিন প্রকাশনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব আয়োজন ছাড়াও এই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুম-পাহাড়ের সমাজ, শিল্প ও সংস্কৃতি কেন্দ্রিক নানা আলোচনা সভা, আদিবাসীদের মাতৃভাষায় বিতর্ক প্রতিযোগিতা, ‘এক টুকরো পার্বত্য চট্টগ্রাম’ শিরোনামে স্থিরচিত্র প্রদর্শনী, ‘শিল্পীর তুলিতে পার্বত্য চট্টগ্রাম’ শিরোনামে আর্ট ক্যাম্প এবং জুম পাহাড়ের সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে থাকে।

সংগঠনটির নতুন সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা আইপিনিউজকে বলেন, আমরা চেষ্টা করছি জুম পাহাড়ের সমৃদ্ধ শিল্প ও সাহিত্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্বর সাংস্কৃতিক মিলনমেলায় পরিচয় করিয়ে তার প্রচার ও প্রসার ঘটাতে। একই সাথে আমাদের সংস্কৃতির সাথে মূল ধারার শিক্ষার্থীদের মধ্যেকার একটি সৌহার্দপূর্ণ মেলবন্ধন ঘটানোর প্রয়াসও আমরা এই সংগঠনটির মাধ্যমে চালিয়ে যাচ্ছি। আশা করি আমরাও যারা নতুনভাবে এই সংগঠনটির নেতৃত্বে এসেছি তারা সকলেই সম্মিলিতভাবে এই কাজটিকে এগিয়ে নিতে পারবো।

Back to top button