সান্তালস ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠিত

বাংলাদেশের সান্তাল জনগোষ্ঠীর মাঝে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জনসচেতনতা বৃদ্ধি এবং অধিকার ও ন্যায্যতা আদায়ের লক্ষ্য নিয়ে ‘সান্তালস ইউনিয়ন’ নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। গত ৭ই মার্চ এই কমিটির ঘোষণা করা হয়।
সান্তালদের জাতীয় ইস্যু নিয়ে সাংগঠনিকভাবে আন্দোলন করার মতো সংগঠন না থাকায়, বিভিন্ন মহল বিতর্ক ও বিভেদ সৃষ্টি করে দেশের সান্তাল আদিবাসীদেরকে অধিকার থেকে বঞ্চিত করছে। বিতর্ক, বিভেদের গ্যাড়াকলে পড়ে নিজেদের ন্যায্য অধিকার থেকে জনসচেতনতা দিন দিন হ্রাস পাচ্ছে। বৃহৎ সংগঠন গুলোর মাঝে অনৈক্য এবং আঞ্চলিক সংগঠনগুলোর মাঝে সমন্বয়ের অভাবে সান্তালদের স্বাধিকারের আন্দোলনগুলি গড়ে উঠতে পারছেনা। এমন অবস্থার প্রেক্ষিতে সান্তালদের জাতীয় ইস্যু নিয়ে সাংগঠনিকভাবে জাতীয় পর্যায়ে আন্দোলন করার মতো একটি সংগঠন গড়ার আলোচনা ২০১৮ সাল থেকে চলে আসছে। যার মাধ্যমে দেশের বিভিন্ন আঞ্চলিক ও বৃহত্তম সংগঠনগুলোর মাঝে সমঝোতা, সমন্বয় গড়ে তুলে স্বাধিকার আন্দোলনকে সোচ্চার করা হবে বলে জানানো হয়েছে সংগঠনের পাঠানো এক বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের সান্তাল ছাত্র সংগঠনগুলি থেকে নেতৃত্ব তৈরী হয়ে আসলেও ছাত্রত্বের পরবর্তী সময়ে সাংগঠনিক মঞ্চের অভাবে অনেক মেধাবী নেতৃত্ব অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে। সান্তাল স্টুডেন্টস্ ইউনিয়ন – সাসু দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে সান্তাল শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব তৈরীতে প্রধান ভূমিকা রাখলেও, ছাত্রত্বের পরবর্তী সময়ের জন্য সাংগঠনিক মঞ্চ তৈরি করেনি। সাসু সহ সকল সান্তাল ছাত্র সংগঠনের মেধাবী নেতৃত্বকে ধরে রাখতে এবং প্রগতিশীল সাংগঠনিক চর্চার মঞ্চ হিসেবে গড়ে তুলতে গঠন করা হয় ‘সান্তালস ইউনিয়ন’। সান্তালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সৌভ্রাতৃত্ব, ঐক্য, সাম্য ও প্রগতিশীলতা সংগঠনের মূলনীতি হিসেবে কাজ করবে। এতে মামুন হেমব্রমকে আহ্বায়ক ও মধু মুরমু কে সদস্য সচিব করে ১১ জন সদস্য বিশিষ্ট কমিটির নাম ৭/৩/২০২৩ ইং তারিখে ‘সান্তালস ইউনিয়ন’ নামক ফেইসবুক পেইজ থেকে ঘোষণা করা হয়েছে।
সান্তালস ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্যরা হলেনঃ-
(১) মামুন হেমব্রম – আহ্বায়ক;
(২) মধু মুরমু – সদস্য সচিব ;
(৩) সেনাস মার্ডী -যুগ্ম আহ্বায়ক;
(৪) মিলন সরেন – যুগ্ম আহ্বায়ক;
(৫) রুহুল আমিন কিস্কু- যুগ্ম আহ্বায়ক;
(৬) সুইট মার্ডী – যুগ্ম আহ্বায়ক;
(৭) পলাশ কিস্কু – যুগ্ম আহ্বায়ক;
(৮) রবীন্দ্রনাথ সরেন – যুগ্ম আহ্বায়ক ;
(৯) শিমুল মার্ডী – যুগ্ম আহ্বায়ক ;
(১০) আগষ্টিন মুরমু – যুগ্ম আহ্বায়ক ;
(১১) জন হেমব্রম – যুগ্ম আহ্বায়ক ;
আগামী ৬ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সংগঠনকে পূর্ণাঙ্গ সাংগঠনিক রুপ প্রদানের প্রয়োজনীয় সকল কার্য সম্পন্ন করবে এই আহ্বায়ক কমিটি। সান্তালস ইউনিয়ন গঠনে ২০১৮ সাল থেকে আলোচনা ও বৈঠক চলমান ছিলো। জন হেমব্রম, সেনাস মার্ডী, মামুন হেমব্রম ও রুহুল আমিন কিস্কুদের ঐকান্তিক প্রচেষ্টায় ‘সান্তালস ইউনিয়ন’ সাংগঠনিক যাত্রা শুরু করতে পেরেছে। সকলের সহযোগিতা ও সমর্থনে আরও অগ্রগতি লাভ করবে বলে জানিয়েছেন সান্তালস ইউনিয়ন।


