জাতীয়

মহান বিজয় দিবস আজ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): আজ ১৬ ডিস্মেবর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের এই স্বাধীনতা।

৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসেবে বিজয়ের ৫২ বছর পূর্তির দিন আজ।

জাতীয় পর্যায়ে এদিন ঢাকায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর উপস্থিতিতে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্মৃতিসৌধটি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হয়।

জনসংহতি সমিতির নেতৃবৃন্দের শ্রদ্ধাজ্ঞাপন।

জনসংহতি সমিতি ও অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দের শ্রদ্ধাজ্ঞাপন:

এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং সহযোগী ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করেছেন। আজ সকালে রাঙ্গামাটি জেলা জনসংহতি সমিতির সভাপতি ডা: গঙ্গামানিক চাকমা’র নেতৃত্বে রাঙ্গামাটির তবলছড়িতে অবস্থিত শহীদ মিনারের বেদীতে বীর শহীদদের আত্সত্যাগের প্রতি শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। এসময় সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়া পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, মহিলা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Back to top button