আইপিনিউজের আয়োজনে সবিন চন্দ্র মুন্ডাকে স্মরণ

সূভাষ চন্দ্র হেমব্রম: জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডার স্মরণে আজ ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার বিকাল ৫টায় একটি অনলাইন স্মরণ সভা অনুষ্ঠিত হইয়েছে। আদিবাসীদের নিজস্ব অনলাইনলাইন সংবাদমাধ্যম আইপিনিউজ এর আয়োজনে অনলাইন স্মরণ সভাটি আইপিনিউজের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
অনলাইন স্মরণে যুক্ত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস এর সভাপতি ফজলে হোসেন বাদশা এমপি, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, অধ্যাপক মেসবাহ কামাল, আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি গোবিন্দগঞ্জ গাইবান্ধা ফিলিমন বাস্কে, হেক্স ইপার প্রতিনিধি সাইবুন নেসা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞ্চনা চাকমা প্রমুখ।
অনলাইন স্মরণ সভাটি সঞ্চলনা করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক হরেন্দ্রনাথ সিং।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, সবিন দার আত্মার শান্তি কামনা করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। জাতীয় আদিবাসী পরিষদের ও মুন্ডা জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি খুব সংগ্রামী মানুষ। আদিবাসী অধিকার আন্দোলনে তার অবদান নিপীড়িত মানুষ মনে রাখবে।
ফজলে হোসেন বাদশা, এমপি বলেন, গত ৫ মাসে তিনবার নওগাঁ যাওয়া হয়েছে আমার, আদিবাসীদের ঐক্য আদিবাসীদের সংহতি লড়াইয়ের জন্য তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। এ ব্যাপারে তার যে আন্তরিকতা, এটা চিন্তা করা যায় না। গত কয়েক দিন আগে কেন্দ্রীয় কমিটির সভা হয়েছে, সেখানে কেন্দ্রীয় কমিটির সম্মেলন তারিখ নিজেই ঠিক করেছেন। সেই সম্মেলন হতে পারলোনা, সবিনদা চলে গেলেন। আদিবাসীদের সংগঠন ও সংগ্রাম ছাড়া বাংলাদেশে কিছুই অর্জন করতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা।
রাশেদ খান মেনন এমপি বলেন, আমি সবিন পাহানকে প্রথম দেখি নওগাঁ। আলফ্রেড সরেন হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা। আলফ্রেড সরেনের শোকসভা ও বিচারের দাবিতে সমাবেশ হয়েছিল, সেখানে আমি গিয়েছিলাম। উত্তেজিত আদিবাসীরা যারা তীর-ধনুক নিয়ে এসেছিলেন এবং বিশাল বিশাল মিছিল করে এসেছেন তাদের সেই সংগঠনের পেছনে কাজ করেছেন। সেই নওগাঁয় সেসময় তখন তার সাথে আমার প্রথম দেখা। এরপর বিভিন্ন আদিবাসী সভা-সমাবেশে তার সাথে দেখা হয়েছে।


