সাঁওতাল হত্যার বিচারসহ সাত দাবিতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার বিচার ও পৈতৃক জমি ফেরতসহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাটামোড় নামক স্থানে এ মানববন্ধন কর্মসূচি হয়। এ সময় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যৌথ উদ্যোগে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সভাপতি কমরেড তাজুল ইসলাম, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম ও কোষাধ্যক্ষ গণেশ মুরমু এবং সংহতি জানিয়ে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি রবীন্দ্রনাথ সরেন। এর আগে সহস্রাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেন।
বক্তারা বলেন, সাঁওতালদের বসতবাড়ি থেকে উচ্ছেদের নামে প্রশাসন যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, তা ইতিহাস হয়ে থাকবে। সাঁওতাল হত্যার চার বছর পর আজও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তের নামে প্রশাসন কালক্ষেপণ করছে। সাঁওতাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। সে সঙ্গে বাপ-দাদার জমি ফেরতেরও দাবি জানান তারা।
২০১৬ সালের ৬ নভেম্বর রংপুর চিনিকল কর্তৃপক্ষ পুলিশ নিয়ে সাহেবগঞ্জ ইক্ষুখামারে আখ কাটতে যায়। এ সময় সাঁওতালরা বাপ-দাদার জমি দাবি করে আখ কাটতে বাধা দেয়। এতে চিনিকল শ্রমিক, পুলিশ ও সাঁওতালদের ত্রিমুখী সংঘর্ষ হয়। পুলিশের গুলিতে নিহত হন তিনজন সাঁওতাল।


