জাতীয়শিক্ষা

আদিবাসীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন মির্জা ফখরুল

এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করা হবে

এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করা হবে। দেশের আদিবাসীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাসও দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে গত ৩১ মার্চ মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভায় এ আশ্বাস দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, নিজেদের বিচ্ছিন্ন না ভেবে সবাইকে দেশের জনগোষ্ঠীর অংশ মনে করতে হবে। সেই সঙ্গে আদিবাসিদের ঐক্য যেন বিনষ্ট না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। যুদ্ধে-বিগ্রহে আর হিংসায় পৃথিবী অপরিচিত হয়ে যাচ্ছে। তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে।

আদিবাসীদের সমস্যা চিহ্নিত করে সমাধান করবে সরকার—এমন আশ্বাস দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আদিবাসীরা এ দেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ। আদিবাসীদের উন্নয়নে আলাদা ফান্ড করার বিষয়ে বিবেচনা করবে সরকার।

তিনি আরও বলেন, ‘আমি আশা প্রকাশ করছি, এবার সংরক্ষিত নারী আসনে একজন আদিবাসী প্রতিনিধি আসতে পারেন।’ সবাইকে নিয়ে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, দলের যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

Back to top button