১৫ দফা দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট

১৫ দফা দাবিতে সারা দেশে পণ্য পরিবহণে কর্মবিরতি চলছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামী ৭২ ঘণ্টা চলবে এ কর্মবিরতি। বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের ডাকে এ কর্মবিরতি শুরু করেছে সংশ্লিষ্টরা।
বর্ধিত আয়কর প্রত্যাহার, সহজশর্তে লাইসেন্স দেওয়া, পুলিশি হয়রানি, চাঁদাবাজি ও মাসিক মাসোহারা বন্ধ করাসহ ১৫ দফা দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তারা।
কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার মালিক অ্যাসোসিয়েশনের অফিস সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ জানান, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা (৩দিন) এসব পরিবহনের সংশ্লিষ্টরা কর্মবিরতি পালন করবেন।
এর আগে গত শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর কদমতলীতে আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডাক দেওয়া হয় এ ধর্মঘটের।
সেসময় সংগঠনের সাধারণ সম্পাদক জাফর আলম বলেছিলেন, ১৯ তারিখের (রবিবার) মধ্যে ১৫ দফা দাবি না মানলে ২১ সেপ্টেম্বর থেকে আমাদের কর্মবিরতি শুরু হবে সারাদেশে। কর্মবিরতি পালন উপলক্ষ্যে সোমবার রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে দুই সংগঠনের উদ্যোগে মহাসমাবেশের আয়োজন করা হয়।
এদিকে, এ কর্মবিরতির জেরে আমদানি-রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার শংকায় ব্যবসায়ীরা। তারা বলছেন, চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন গড়ে সাত হাজার ট্রাক-লরি ও প্রাইমমুভার আমদানি-রপ্তানি পণ্য নিয়ে আসা যাওয়া করে।
টানা এই কর্মবিরতির জেরে পণ্য আমদানি রপ্তানি ব্যাহত হবে। ধর্মঘটের কারণে পণ্য পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কাঁচা পণ্যের ব্যবসায়ীরাও।


