আঞ্চলিক সংবাদ

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পূনর্গঠন সভা অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পূনর্গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় জয়পুরপাড়া, শাপমারার শ্যামল, মঙ্গল, রমেশ বিদ্যানিকেতন স্কুল মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ভবেন মার্ডি।

সভায় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সদস্যরা অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা সংগঠনের পূর্ববর্তী কার্যক্রম পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, দীর্ঘদিন ধরে চলমান ভূমি উদ্ধার আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনা প্রয়োজন ছিল।

বক্তারা আরও জানান, পুরনো কমিটি ভেঙে নতুন ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলা, সংগঠনের কার্যক্রমে গতি আনা এবং বাস্তবমুখী নতুন পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এই পূনর্গঠন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি ভূমি অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করবে এবং স্থানীয় জনগণের ন্যায্য দাবিগুলো যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হবে।

সভা শেষে সর্বসম্মতিক্রমে ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে ডা. ফিলিমন বাসকে, সাধারণ সম্পাদক হিসেবে বিটিশ সরেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আনিসুর রহমান মইনুল নির্বাচিত হন।

নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বশীল, স্বচ্ছ ও আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তারা ঐক্যবদ্ধভাবে ভূমি উদ্ধার আন্দোলনকে এগিয়ে নেওয়ার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার শপথ গ্রহণ করেন।

Back to top button