শ্রীবরদীতে বিদ্যাদেবী সরস্বতী পুজা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: নানা আয়োজনে শেরপুরের শ্রীবরদী থানার সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রামে পালিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের বিদ্যা ও জ্ঞানালোকের দেবী শ্রী শ্রী সরস্বতী পুজা।
০৫ ফেব্রুয়ারী শনিবার সকাল থেকে পুজা অর্চনা, পুষ্পাঞ্জলী, আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শ্রী শ্রী কামাক্ষা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ১ নং সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো: ফকরুজ্জামান। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইউপি মহিলা সদস্য মোছা: মনোয়ারা বেগম, আদিবাসী নেতা মজিদ ম্রং, আদিবাসী নেতা সুজল চিসিম, বাগাছাস সভাপতি জীবন ম্রং, ছাত্র ঐক্য পরিষদ শ্রীবরদী উপজেলা শাখা আহবায়ক কাঞ্চন ম্রং, ছাত্রনেতা শোভন দালবত, দায়ুদ চিসিম প্রমূখ।
দেবীর পুজা অর্চনায় স্থানীয় বর্মন, কোচ, হাজং আদিবাসী ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণীর হিন্দু ধর্মালম্বীরা অংশগ্রহণ করে।
আয়োজক কমিটির আহ্বায়ক মি. সবুজ কোচ জানান, “শ্রী শ্রী সরস্বতী দেবী আমাদের বিদ্যার দেবী। দেবী মার কৃপায় আমরা দিব্যজ্ঞান লাভ করি।”
তিনি আরোও বলেন, “এবছর প্রথম বার করোনা অতিমারীর মধ্যে সফলভাবে পালন করতে পেরেছি। দেবী মা আশির্বাদে প্রতিবছর এর ধারাবাহিকতা বজায় থাকবে।”
গতবছর দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর ও সাম্প্রদায়িক হামলা হয়। এতে দেশের সংখ্যালঘু পাহাড়ি জনগোষ্ঠী অনেক আতঙ্কগ্রস্থ।
এ নিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথী ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো: ফকরুজ্জামান বলেন, আমার ইউনিয়নে সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করার কল্পনাও করে থাকে, তাহলে সে যেই হোক ছাড় দেবো না। “সাম্প্রদায়িকতায় নয়, আসুন সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়ি।”


