জাতীয়শিক্ষা

রাজধানীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে পাহাড়ের ঐতিহ্যবাহী ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু’ মেলা

আইপিনিউজ, ঢাকা: পাহাড়ের বর্ষবিদায় ও বর্ষবরণের আনন্দ ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকায়। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রধান সামাজিক ও ঐতিহ্যবাহী উৎসব ‘বিঝু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান ও বিষু’ উপলক্ষে আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণিল মেলা।

আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধবিহার প্রাঙ্গণে শুরু হবে এই আয়োজন, যা চলবে শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মেলার আয়োজন করেছে ‘ঢাকাস্থ পার্বত্য উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’, সহযোগিতায় রয়েছে ‘সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটি’। রাজধানীতে এটি দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে।

মেলায় প্রায় ৪০টি স্টলে পাওয়া যাবে পাহাড়ের জুমচাষের তাজা সবজি, জৈব কৃষিপণ্য, ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং নানা ধরনের পাহাড়ি খাবার। বিজু উৎসবের বিশেষ আকর্ষণ ‘পাজন’, বিভিন্ন ধরনের পিঠা, ব্যাম্বু শুট, মুন্ডি, ঝাল স্বাদের জনপ্রিয় খাবার ‘লাকসো’সহ নানা পদ থাকবে দর্শনার্থীদের জন্য। এছাড়াও পাওয়া যাবে পাহাড়ি মধু, বিষমুক্ত আনারস এবং কালো বিন্নিসহ বিভিন্ন প্রজাতির স্টিকি রাইস।

প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মঞ্চে পরিবেশিত হবে বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নৃত্য। সমাপনী দিনে (১১ এপ্রিল) থাকবে লটারি ড্রসহ বিশেষ আয়োজন।

উদ্বোধনী দিনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন।

যেভাবে যাবেন:
মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন থেকে রিকশায় মাত্র ৫ মিনিটে পৌঁছানো যাবে মেলার ভেন্যুতে। শাক্যমুনি বৌদ্ধবিহারের পাশেই স্কলাসটিকা স্কুল ও এসওএস শিশু পল্লী, বিপরীতে রয়েছে বিআরটিএ কার্যালয়।

Back to top button