রাঙ্গামাটি সরকারি কলেজে শিক্ষার মান ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবী পিসিপি’র

আইপিনিউজ, রাঙ্গামাটি: পার্বত্যাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গামাটি সরকারি কলেজ। এখানে পড়াশুনা করে পার্বত্যাঞ্চলের হাজারো শিক্ষার্থী। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় সুযোগ-সুবিধাদি বৃদ্ধির এবং কলেজের বিভিন্ন সংকট নিরসনের দাবিতে অধ্যক্ষ অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা। এসময় পিসিপি রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সুনীতি বিকাশ চাকমার নেতৃত্বে সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক শান্তনু চাকমাও উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর পিসিপির পেশকৃত দাবিনামায় যেসব দাবি তুলে ধরা হয়েছে সেগুলো নিম্নরূপ:
১. পরিবহন ফান্ডের অর্থ থেকে পূর্বের সিদ্ধান্ত মোতাবেক নিজস্ব দুটি বাস দ্রুত ক্রয় এবং পরিবহন ফি ৫০০ (পাঁচশত) টাকার পরিবর্তে ৩০০ ( তিনশত) টাকা নির্ধারণ করতে হবে।
২. বাংলা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, প্রাণীবিদ্যা বিভাগসহ কলেজে যে সকল বিভাগে শিক্ষক সংকট রয়েছে সেই সকল বিভাগে অন্তর্বর্তীকালীন অস্থায়ী শিক্ষক নিয়োগ প্রদান করে শিক্ষক সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৩. কলেজের যে সকল বিভাগে সেমিনার কক্ষ নেই সেই সকল বিভাগে মানসম্মত সেনিমার কক্ষ দ্রুত চালু করতে হবে।
৪. নির্মাণাধীন ছাত্রী নিবাস দ্রুত চালুর জন্য কলেজ প্রশাসন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও ছাত্রাবাস চালুর ব্যবস্থা করতে হবে।
৫. শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন চালু করতে হবে।
৬. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীতে ভর্তি আবেদনের ক্ষেত্রে মানবিক ৩.২৫, ব্যবসায় ৩.৫০ এবং বিজ্ঞান ৩.৭৫ পয়েন্ট নির্ধারণ করতে হবে।
৭. নতুন একাডেমিক ভবন নির্মাণ করতে হবে।


