নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জনসংহতি সমিতির রাঙ্গামটি আসনের স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার

আইপিনিউজ ডেক্স(ঢাকা): আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ আসনে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার।
গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে লিখিত ভাবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর দাখিল করা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এসময় উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলার সভাপতি ডা: গঙ্গা মানিক চাকমা ও সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা।
পরে সাংবাদিকদের কাছে উষাতন তালুকদার বলেন, “নির্বাচন কেন্দ্রীক দেশের সামগ্রীক পরিস্থিতি ও পাহাড়ের সার্বিক বাস্তবতা বিবেচনা করে পার্টির (জনসংহতি সমিতি) সিদ্ধান্তক্রমে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।” তবে দেশবাসীর কল্যাণে ও সামগ্রিক প্রয়োজনে সবসময় নিবেদিত থাকবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাঙ্গামাটি ২৯৯ একটি আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং সকলে বৈধ বলে বিবেচিত হয়। উষাতন তালুকদার ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির হেভিওয়েট প্রার্থী। তার প্রার্থীতা প্রত্যাহারের পর রাঙ্গামাটি আসনে যারা ভোটের লড়াইয়ে আসেন তারা হলেন, আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুনুর রশীদ মাতব্বর, তৃণমূল বিএনপির মোঃ মিজানুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে।
২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা ঊষাতন তালুকদার। এরপর থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের ‘হেভিওয়েট’ প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে হারিয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন জনসংহতি সমিতির ঊষাতন তালুকদার।


