ঢাকা কলেজ আদিবাসী ছাত্র সংগঠনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আইপিনিউজ বিডি, ৯ অক্টোবর ২০২৬, ঢাকা প্রতিনিধিঃ ঢাকা কলেজ আদিবাসী ছাত্র সংগঠনের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম থেকে আগত নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জাতির অধিকার সম্পর্কে সচেতন হওয়া, ঐক্যবদ্ধ থাকা এবং রাজনৈতিকভাবে সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী অধিকারকর্মী ও পিসিপির সাবেক ছাত্রনেতা ত্রিজিনাদ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি কনেজ চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজ আদিবাসী ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক অংক্যাচিং মারমা।
প্রধান অতিথির বক্তব্যে ত্রিজিনাদ চাকমা বলেন, “ঢাকা শহরে পড়াশোনা করতে আসা আদিবাসী শিক্ষার্থীরা প্রত্যেকে নিজ নিজ জাতির প্রতিনিধি ও রাষ্ট্রদূতের মতো। জাতিকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। একজন সচেতন শিক্ষার্থী হিসেবে জাতির অধিকার আদায়ের আন্দোলন ও কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত।”
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্ম শিক্ষার্থীদের পাহাড়ের বাস্তবতা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হওয়া উচিত।
অধিকার নিয়ে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার জন্য শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিজ জাতির ইতিহাস, অধিকার ও পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা বলেন, শিক্ষার্থীরা একটি জাতির ভবিষ্যৎ নেতৃত্ব। তাই পড়াশোনার পাশাপাশি নিজ নিজ জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। বিশেষ করে আদিবাসী নারী ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং সমাজে সমতা নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজ নিজ জাতি ও সমাজের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।


