খাগড়াছড়িতে ভিক্ষু হত্যার নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবী সম্মিলিত সামাজিক আন্দোলনেরঃ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারে ভিক্ষু হত্যার নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) এক বিবৃতিতে খাগড়াছাড়ি জেলা সদরের গুগড়াছড়ি এলাকার ধর্মান্ধ বিহারের অধ্যক্ষ বিশুদ্ধা মহাথেরোকে হত্যার তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংগঠনটির দপ্তর সম্পাদক বিপ্লব চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়, রাতের অন্ধকারে একজন নিরীহ ভিক্ষুকে নির্মমভাবে হত্যার দধ্যদিয়ে দূবৃত্তরা দেশে সম্প্রীতি ও স্থিতিশীলতাকে বিনষ্ট করার হীন প্রচেষ্টা চালিয়েছে কি না তা বের করা দরকার। ভিক্ষুকে হত্যার মধ্যদিয়ে প্রমাণিত হচ্ছে সভ্যতা, সংস্কৃতি, মানবতা আজ জঘন্য বর্বতার হাতে জিম্মি হয়ে পড়েছে। আমরা দ্রুততম সময়ে এই বর্বরোচিত হত্যার রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি। একইসাথে নিরীহ ভিক্ষুদের নিরাপত্তা জোরদার করার দাবিও জানান।


