এশিয়া ইন্ডিজেনাস পিপলস্ প্যাক্ট (এআইপিপি)’র সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন পল্লব চাকমা

আইপিনিউজ ডেস্ক (আন্তর্জাতিক) : এশিয়া ইন্ডিজেনাস পিপলস্ প্যাক্ট (এআইপিপি)’র সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন আদিবাসী অধিকার কর্মী পল্লব চাকমা। আজ ২ ফেব্রুয়ারী, ২০২৬, রোজ-সোমবার থাইল্যান্ড সময় সকাল ৯:৩০ টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এআইপিপির বিশেষ জেনারেল এসেমব্লিতে (সাধারণ সভা) এশিয়ার ১৪টি দেশের ৪৬ টি সদস্য সংগঠনের সর্বসম্মতিক্রমে সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন পল্লব চাকমা।
সাধারন সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন এআইপিপির চেয়ারপার্সন মিস. বেভারলি এল. লংগিদ। শুভেচ্ছা বক্তব্যের পরে নির্বাচন কমিশনের রিপোর্ট পেশ করেন নির্বাচন কমিশনার মি. চুপিনিত কেসমানে। এরপরে মি. পল্লব চাকমা-কে সভায় অনুষ্ঠিত সকলের সর্বসম্মতিক্রমে এআইপিপির সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত করা হয়। সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়ার পরে মি. চাকমা’কে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মি. কেসমানে। শপথ গ্রহণ করার পরে নব নির্বাচিত সেক্রেটারি জেনারেলের বক্তব্য প্রদান করেন পল্লব চাকমা। সেক্রেটারি জেনারেল হিসেবে তিনি এই সংস্থার নির্বাহী প্রধানের দ্বায়িত্বও পালন করবেন।
এশিয়া অঞ্চলের আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা আঞ্চলিক এ সংস্থার সদর দপ্তর থাইল্যান্ডের চিয়াংমাই নগরীতে। এশিয়ার আঞ্চলিক এ সংস্থার এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মেকং রিজিয়ন এবং পূর্ব এশিয়ার ১৪ টি দেশের ৪৬ টি সংগঠন সদস্য হিসেবে রয়েছে। তিনি সেখানে ২০২৮ সাল পর্যন্ত এ পদের জন্য নিযুক্ত হলেন। এ পদে নিযুক্ত হওয়ার আগে মি. চাকমা কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং এআইপিপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন এরও একজন কো-চেয়ার।


