জাতীয়

আলবার্ট মানখিনের শূন্যতা অপুরনীয়ঃ স্মরণসভায় বক্তারা

গারো সমাজের অন্যতম অভিভাবক, লেখক গবেষক ও চিন্তাবিদ আলবার্ট মানখিনের অবদান গারো সমাজ আজীবন শ্রদ্ধার সাথে মনে রাখবে। তার সমাজ ভাবনা ও সৃজনশীল কর্ম গারো তথা আদিবাসী সমাজের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি ছিলেন গারো জাতির অমূল্য সম্পদ, তার এই শূন্যতা কখনই পূরণ হবার নয়। তার অবদানের কথা আমরা আজীবন মনে রাখব।

গতকাল বিকেলে ঢাকার আসাদ গেটে সিবিসিবি সেন্টারে ঢাকাবাসী গারো সমাজের আয়োজনে সদ্য প্রয়াত আলবার্ট মানখিনের স্মরণসভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ কথা বলেন।

বিকেলে আলবার্ট মানখিনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের পর প্রার্থনা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর স্মরণসভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তার পরিবার, বন্ধু ও সহকর্মীরা তার স্মৃতিচারণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ সভাপতি অজয় এ মৃ, সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ময়মনসিংহ ডায়োসিসের বিশপ পৌল পনেন কুবি, লেখক ও কবি থিওফিল নকরেক প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র ও যুব সংগঠনসমূহের নেতৃবৃন্দ স্মরণসভায় উপস্থিত ছিলেন।

স্মরণসভা সঞ্চালনা করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের শিক্ষা ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ঢাকা ওয়ানগালার সাবেক নকমা উজ্জ্বল আজিম।

Back to top button