আঞ্চলিক সংবাদ

আদিবাসী মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

মন্টু চন্দ্র মৈত্রী (৭৮) নামে এক আদিবাসী বীর মুক্তিযোদ্ধাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় আদিবাসীরা জানান, জমি বিরোধের জেরে মারধর করে গুরুতর আহত করে প্রতিপক্ষ নুরুল ইসলাম জম্বু (৫০), আব্দুর লতিফ, আব্দুর রাজ্জাক, আব্দুল হামিদ ও তাদের লোকজন। সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামের মন্দির এলাকায় গত ২১ জুলাই শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে।

সূত্র অনুযায়ী, দীর্ঘদিন দিন ধরেই জমি নিয়ে বিরোধ মন্টু চন্দ্র মৈত্রীর সাথে একই গ্রামের নুরুল ইসলাম জম্বুর। খাস জমিতে বাড়ি করে আছেন মন্টু চন্দ্র মৈত্রী। গত শুক্রবার দুপুরে নুরুল ইসলাম জম্বু ও তার লোকজন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের লক্ষ্যে বাড়িঘর ভাংচুর করে, এতে মন্টু চন্দ্র মৈত্রী বাধা দিলে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে নুরুল ইসলাম জম্বু ও তার লোকজন। এলাকাবাসী মন্টু চন্দ্র মৈত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, আদিবাসী মুক্তিযোদ্ধাকে মারধরের কোন অভিযোগ থানায় আসেনি, অভিযোগ পাওয়া মাত্রই দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

#আইপিএজি

Back to top button