জাতীয়

প্রস্তাবিত বাজেটে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ ১.৯৩%: উদ্বেগজনক বলছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ

প্রস্তাবিত ধর্ম মন্ত্রণালয়ের বাজেটে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ মাত্র ১.৯৩%। এ নিয়ে দু:খ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ধর্ম মন্ত্রণালয়ের ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পূর্বের ন্যায় পর্বত প্রমাণ বৈষম্য অব্যাহত রাখায় উদ্বেগ জানায় সংগঠনটি। গত ২৯ মে এক বিবৃতির মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি বলেছে, অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ধর্ম মন্ত্রণালয়ের বাজেটে চলমান প্রকল্প ও অন্যান্যে মোট বরাদ্দ হিসেবে ১৫,০৫৪.০৩ কোটি টাকা রাখা হলেও তন্মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৯০.০৮ কোটি টাকা যা মোট প্রকল্প বরাদ্দের শতকরা ১.৯৩%। উল্লেখিত এই বরাদ্দকৃত অর্থের ২০০ (দুইশত) কোটি টাকা ২০১৭ সালে তৎকালীন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত বিদ্যমান বৈষম্য নিরসনে ৩,০০০ (তিন হাজার) কোটি টাকা থোক বরাদ্দের ঐক্য পরিষদের দাবির প্রেক্ষিতে ঘোষণা করেছিলেন।

সংগঠনটির সভাপতি সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে বলেন, থোক বরাদ্দ হিসেবে ২০১৭ সালে ঘোষিত ২০০ কোটি টাকা বরাদ্দের আওতায় আংশিক কিছু প্রকল্পের কার্যক্রম সারাদেশে বর্তমানে চলমান রয়েছে তৎপরবর্তী বিভিন্ন অর্থবছরের বাজেটে কোন নতুন অর্থ বরাদ্দ দেয়া হয়নি। স্বাধীনতা-পরবর্তী বৈষম্য-বঞ্চনায় ধর্মীয় সংখ্যালঘুদের উন্নয়নে বাজেটে ধারাবাহিকভাবে কোনরূপ প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না।

বিবৃতিতে বলা হয়, বাজেটে সংখ্যাগুরু সম্প্রদায়ের ধর্মীয় উন্নয়নে বিভিন্ন প্রকল্প খাতে বিশেষ অর্থ বরাদ্দ থাকলেও তদনরূপ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় উন্নয়নে কোন বরাদ্দ নেই। শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ধর্মীয় শিক্ষা, সংস্কৃত ও পালি বোর্ড এবং তদাধীনে পরিচালিত টোল ও পালি প্রতিষ্ঠানসমূহ একেবারেই জরাজীর্ণ ও সাইনবোর্ড সর্বস্ব হয়ে দাঁড়িয়ে আছে।

বিবৃতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে ধারাবাহিকভাবে দীর্ঘকালব্যাপী চলমান বৈষম্য নিরসনে অন্যুন ৫,০০০ (পাঁচ হাজার) কোটি টাকা থোক বরাদ্দের পাশাপাশি প্রতিবেশী ভারত, পাকিস্তানের অনুরূপ বাংলাদেশেও সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য জোর দাবি জানানো হয়েছে।

Back to top button