গাইবান্ধা পলাশবাড়ীর মধ্যবর্তী সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবিতে নাগরিক মঞ্চের সমাবেশ

সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী: আজ ২৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে গাইবান্ধা পলাশবাড়ীর মধ্যবর্তী সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপন, গাইবান্ধায় মেডিকেল কলেজ-কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গণসমাবেশ করেছে নাগরিক মঞ্চ, গাইবান্ধা।
ওয়াজিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক এ্যাড. শাহাদৎ হোসেন লাকু, নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী প্রবীর চক্রবর্তী, অঞ্জলি রানী দেবী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আখিরুজ্জামান বাবু, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, এ্যাড. সরওয়ার হোসেন বাবুল, এ্যাড. সাঈদ আহমেদ আজাদ জয়, কাজী আব্দুর খালেক, ছাত্রনেতা ওয়ারেছ সরকার, ফিরোজ কবির রানা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন এ্যাড. মুরাদ জামান রব্বানী।
বক্তারা গাইবান্ধার ভূতপূর্ব ডিসি ড. কাজী আনোয়ারুল হক প্রস্তাবিত গাইবান্ধা পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রীজ এলাকায় স্থাপনের দাবি জানান। তারা বলেন কিছু ষড়যন্ত্রকারী মহল তৎকালীন ডিসি’র প্রস্তাবনাকে ধামাচাপা দিয়ে বিরোধপূর্ণ ও বিতর্কিত একটি জায়গা বাগদাফার্মের তিন ফসলি জমি ইপিজেড করার পায়তারা করছে। গাইবান্ধা-পলাশবাড়ীর মধ্যবর্তী সাকোয়া ব্রীজ এলাকায় নির্মিত হলে রাজপথ-রেলপথ ও নৌপথ কাছাকাছি হওয়ায় বিনিয়োগকারীরা আগ্রহী হবে এবং গাইবান্ধা জেলার সকল উপজেলা সমানভাবে লাভবান হবে। গাইবান্ধা দেশের উন্নয়ন থেকে বঞ্চিত এলাকা। গাইবান্ধা শহর একটি পকেট শহরে পরিণত হয়েছে। পাশ্ববর্তী অন্যান্য জেলা শহরের তুলনায় গাইবান্ধা উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া একটি জেলা শহরে। গাইবান্ধা জেলা শহর উন্নয়নের ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গাইবান্ধায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বালাসিঘাটে ব্রহ্মপুত্র সেতু বা টানেল নির্মাণের দাবি জানান।


